Somoy TV
মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ ও অনুমোদিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় অবস্থানের (ওভারস্টে) দায়ে ৮৬ বাংলাদেশিসহ মোট ১১৩ জন বিদেশি নাগরিককে দণ্ড দিয়েছে দেশটির পাসির মাস সেসন্স কোর্ট।রোববার (৩ মে) কেলান্তান রাজ্যের একটি আদালতে শুনানি শেষে বিচারক জুলকিফলি আবদুল্লাহ এই রায় ঘোষণা করেন। দণ্ডিতদের মধ্যে বাংলাদেশিদের পাশাপাশি ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও চীনের নাগরিকরাও আছেন। আদালত সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল কেলান্তান রাজ্যের পাসির মাস জেলার ডাবং এবং কুয়ালা ক্রাই এলাকার বিভিন্ন নির্মাণাধীন সাইটে বিশেষ অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করে মালয়েশীয় অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ৮৫ জনের বিরুদ্ধে অভিবাসন আইনের ধারা ১৫(১)(সি) অনুযায়ী অতিরিক্ত সময় অবস্থানের এবং বাকি ২৮ জনের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি ছাড়া দেশে প্রবেশের দায়ে ধারা ৬(১)(সি) অনুযায়ী অভিযোগ দাখিল করা হয়। শুনানি চলাকালে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করে দোভাষীর মাধ্যমে লঘুদণ্ডের আবেদন জানান। আসামিপক্ষে আইনজীবী নিক নুর আদিলা নিক সুয়াকি ৪০ জনের প্রতিনিধিত্ব করলেও বাকিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর সিটি খায়দিজাহ খাইরুদ্দিন। মালয়েশীয় আইনে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১০ হাজার রিঙ্গিত জরিমানা বা ৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আরও পড়ুন: মালয়েশিয়ায় নির্মাণাধীন এলাকায় অভিযান, ৪ বাংলাদেশিসহ আটক ২১ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৪০ জন অভিযুক্তকে ১০ হাজার রিঙ্গিত করে জরিমানা দেয়ার নির্দেশ দেন এবং অনাদায়ে তাদের তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে, অবশিষ্ট ৭৩ জন অভিযুক্তকে সরাসরি তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা বর্তমানে মালয়েশীয় কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
Go to News Site