Jagonews24
চট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার বেশকিছু এলাকা। এসব এলাকায় প্রায় ৩০ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (২ মে) দুপুরের পর থেকে উপজেলাজুড়ে হঠাৎ কালবৈশাখী শুরু হয়। ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন উপজেলার অন্তত ২০ হাজার গ্রাহক। উদ্ধার কার্যক্রমে ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সেবা স্বাভাবিক হলেও এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বারইয়ারহাট জোনাল অফিসের আওতাধীন প্রায় ১০ হাজার পরিবার। জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়ের জান্নাত হোটেলের স্বত্বাধিকারী মোহাম্মদ মন্নান বলেন, ‘শনিবার সকাল থেকে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় ফ্রিজের সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। কোনো কিছু বিক্রিও করতে পারছি না। কখন বিদ্যুৎ পাবো সেটাও বুঝতে পারছি না।’ একই এলাকার এসএসসি পরীক্ষার্থী মো. শামীম জানায়, শনিবার বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গেছে, এখন পর্যন্ত আসেনি। এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বারইয়ারহাট জোনাল অফিসের ডিজিএম হেদায়েত উল্লাহ জাগো নিউজকে বলেন, ঝোড়ো হাওয়ায় তার ছিঁড়ে গেছে। একই সঙ্গে খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বারইয়ারহাট জোনাল অফিসের আওতাধীন ২০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সেবা ব্যাহত হচ্ছে। তবে আমরা সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। এম মাঈন উদ্দিন/এসআর/এমএস
Go to News Site