Somoy TV
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচণার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।রোববার (৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন এ তথ্য জানান। মুনিরা মাহজাবিন মিমো ছিলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরিবারের সঙ্গে বাড্ডার বাসায় থাকতেন। গত ২৬ এপ্রিল সকালে নিজের ঘর থেকে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়। দুপুরের দিকে শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেন। আরও পড়ুন: ঢাবি ছাত্রীর মৃত্যু ও চিরকুট নিয়ে যা বললেন বিভাগীয় প্রধান মামলা দায়েরের পরে সুদীপকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পরদিন কারাগারে আটক রাখার আবেদন করা হয়। তার পক্ষে আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সুদীপ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই কাজী ইকবাল হোসেন তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিততিতে শুনানির জন্য রবিবার দিন ধার্য রাখেন। আরও পড়ুন: ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার: শিক্ষককে নিয়ে চিরকুটে যা লেখা আছে এ দিন শুনানিকালে সুদীপ চক্রবর্তীকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট ফুল মোহাম্মদ ও অ্যাডভোকেট আবু সায়েম রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। প্রয়োজনে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করেন তারা। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়া হয়।
Go to News Site