Somoy TV
বাংলাদেশের ঐতিহ্যবাহী ও ৬৫ বছরের পুরনো প্রতিষ্ঠান পাবনা প্রেসক্লাবের জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি জানিয়েছেন, প্রেসক্লাব কর্তৃপক্ষের আবেদনটি বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুতই জায়গাটি বরাদ্দ দেওয়া হবে।রোববার (৩ মে) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে প্রেসক্লাবের ৬৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ভূমি মন্ত্রী বলেন, পাবনা শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। এই মাটির সন্তানরা অধিকার আদায়ের সংগ্রামে আমাদের পথ দেখিয়েছেন। ভূমি মন্ত্রণালয়ের পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকেও আর্থিক বরাদ্দ দেওয়া হবে যাতে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। প্রধান বক্তা হিসেবে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল অপ-সাংবাদিকতা রুখতে প্রকৃত সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার সাংবাদিকদের প্রাতিষ্ঠানিকভাবে সম্মানিত করতে চায় এবং দেশের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।আরও পড়ুন: খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর বহিরাগতদের হামলা-হুমকিপাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান। এছাড়া বিশিষ্ট কবি ও ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা এতে অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং প্রয়াত সাংবাদিক ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে সঙ্গীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন, লিজা ও মুক্তা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।
Go to News Site