Somoy TV
লেবাননে ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন। এতে, যুদ্ধে মৃতের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে প্রতিদিনই চলছে বিমান হামলা ও বিস্ফোরণ। যুদ্ধবিরতি থাকলেও তা কার্যকর হয়নি, দুই পক্ষই চালিয়ে যাচ্ছে পাল্টাপাল্টি আক্রমণ।স্থানীয় সময় শনিবার (২ মে) লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরাইল। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নাবাতিয়েহ, সিডন ও টাইর অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে হামলার ঘটনা ঘটে। কোথাও বসতবাড়ি, কোথাও চলন্ত গাড়ি লক্ষ্য করে আঘাত হানা হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে। আরও পড়ুন: হিজবুল্লাহর নতুন অস্ত্র ফাইবার অপটিক ড্রোন কেন প্রতিরোধ্য পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে হিজবুল্লাহও। সংগঠনটি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন ফ্রন্টলাইনে ইসরাইলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে আর্টিলারি ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে ফাইবার-অপটিক নিয়ন্ত্রিত ছোট ড্রোন ব্যবহার করে ট্যাংক ও সামরিক সরঞ্জামে আঘাত হানার নতুন কৌশল প্রয়োগ করছে তারা। এতে ইসরাইলি সেনা হতাহতের ঘটনাও ঘটছে। মার্চের শুরু থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত এবং ৮ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।
Go to News Site