Somoy TV
খাগড়াছড়ির মানিকছড়িতে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।রোববার (৩ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ‘টেকাব-২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কার্যক্রম শুরু হয়।এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাফিজা আইরিন।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, সমবায় কর্মকর্তা সংগীতা ভৌমিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।আরও পড়ুন: উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা বক্তারা কর্মমুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তিনির্ভর এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার শিক্ষিত বেকার তরুণ-তরুণীরা নিজেদের স্বাবলম্বী করার নতুন সুযোগ পাবেন।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই ভ্রাম্যমাণ বাসটি মূলত একটি আধুনিক কম্পিউটার কেন্দ্র যেখানে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী চারটি শিফটে ভাগ হয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। সুবিধাবঞ্চিত গ্রামীণ জনপদের যুবকদের তথ্যপ্রযুক্তিতে ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত এই প্রকল্পটি বর্তমানে এলাকার তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রশিক্ষক মো. শরিফ উল কাশেম ও সৌরভ রায়ের তত্ত্বাবধানে এই কোর্সটি আগামী দুই মাস চলমান থাকবে।
Go to News Site