Collector
কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটি, পদ বঞ্চিতদের ক্ষোভ | Collector
কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটি, পদ বঞ্চিতদের ক্ষোভ
Jagonews24

কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটি, পদ বঞ্চিতদের ক্ষোভ

দীর্ঘ দুই বছর পর কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এতে সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ সাঈদ আনোয়ারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া রয়েছে। আংশিক কমিটিতে মোহাম্মদ হোসেন মাদুকে সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ জাহেদ নুর জিতুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পিকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আশরাফ ইমরানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এদিকে, জেলা ছাত্রদলের নতুন আংশিক এই কমিটি ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, কমিটি গঠনের আলোচনায় সক্রিয় ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত কমিটিতে ঠাঁই হয়নি কাজলপন্থি নেতাকর্মীদের। দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসা এই অংশকে ইচ্ছাকৃতভাবে ‘সাইডলাইন’ করা হয়েছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। পদ বঞ্চিত হয়ে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সাইফুর রহমান নয়ন ফেইসবুকে লেখেন, আমার কি কোনো শ্রম ছিল না-এভাবে মূল্যায়ন পাওয়ার জন্য? লুৎফুর রহমান কাজল এমপি ভাইয়ের অনুসারী হয়ে ছাত্রদল করেছি, অথচ আজ জেলা ছাত্রদলের কমিটি থেকে বাদ পড়লাম। তাহলে কি আমাদের ত্যাগ, পরিশ্রম, সময়-সবই মূল্যহীন? তিনি আরও লেখেন, যে সংগঠনের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, যার কথা শুনে, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে থেকেছি-আজ সেই পথেই দাঁড়িয়ে নিজেকে অপরিচিত মনে হচ্ছে। মিছিলের শেষের ছেলেটাও হয়তো একসময় জায়গা পায়, কিন্তু শুরু থেকে থাকা মানুষের আজ কোনো কুল-কিনারা নেই। সাইফুর রহমান নয়ন লিখেছেন, কোনো অভিমান নেই কারো প্রতি-অভিযোগ শুধু নিজের কাছে। হয়তো ভুল জায়গায়, ভুল মানুষদের পাশে দাঁড়িয়েছিলাম। সালাহউদ্দিন আহমেদ ভাইয়ের অনুসারী হয়ে ছাত্রদল না করার অপরাধে-আমাদের জীবনের সোনালী দিনগুলো যেন মাটিচাপা পড়ে গেল। সব কিছুর বিচার আল্লাহর কাছে দিলাম। তিনি-ই উত্তম বিচারক, সঠিক পরিকল্পনাকারী। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দলের যে-কোনো আন্দোলন-সংগ্রামে, দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। কেন্দ্র আমাদের ওপর যে আস্থা রেখেছে, তা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করব। আগামী ৩০ দিনের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য। ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে এগিয়ে নেব- ইনশাল্লাহ। উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ আগস্ট সর্বশেষ কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। ওই কমিটিতে শাহাদাত হোসাইন রিপনকে সভাপতি ও ফাহিমুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। পরে ২০২৪ সালের ১৫ আগস্ট ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। সায়ীদ আলমগীর/কেএইচকে/এমএস

Go to News Site