Somoy TV
আইপিএলের সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির একটি মুম্বাই ইন্ডিয়ান্স। তবে, চলতি মৌসুমে বাজে পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ের বাজে দশায় অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দায় দেখছেন অনেকেই। ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও সাবেক প্রধান নির্বাচক ক্রিস শ্রীকান্ত এবার কড়া ভাষায় সমালোচনা করেছেন মুম্বাইয়ের অধিনায়কের। শ্রীকান্ত ভারতীয় জাতীয় দলের এই অলরাউন্ডারকে 'প্লাস্টিক অধিনায়ক' বলে মন্তব্য করেন এবং গত শনিবার (২ মে) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ব্যাট হাতে তার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন।মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসে তিলক ভার্মা আউট হওয়ার পর ৬ নম্বরে ব্যাট করতে নামেন হার্দিক। তখন ক্রিজে ভালোভাবে সেট ছিলেন নামান ধীর।কিন্তু ইনিংসজুড়ে ছন্দ খুঁজে পাননি মুম্বাই অধিনায়ক। ২৩ বলে মাত্র ১৮ রান করেন পান্ডিয়া। তিনি ব্যাটিংয়ে নামার সময় দল ১২.৫ ওভারে ৪ উইকেটে ১০৯ রানে থাকলেও থেকে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৯ রানে থামে। শেষ ওভারে আউট হওয়ার আগে পুরো ইনিংসে তিনি মাত্র দুটি বাউন্ডারি মারেন।পরে চেন্নাই সুপার কিংস ৮ উইকেটের সহজ জয় পায়।নিজের ইনিংসে মোট ১০টি ডট বল খেলেন হার্দিক, যা বিস্মিত করেছে শ্রীকান্তকে। নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইনিংসের ওই সময়ে হার্দিক ঠিক কী করতে চাইছিলেন, তা বোঝা কঠিন ছিল। কারণ মাঝের ওভারগুলোতে মুম্বাইয়ের রান তোলার গতি ক্রমেই কমে যাচ্ছিল। আরও পড়ুন: পিএসএলে কত টাকা প্রাইজমানি পাবে চ্যাম্পিয়ন দলতিনি বলেন, 'সংখ্যাগুলো দেখুন; ২৩ বলে ১৮ রান। এটা কী? সে একজন প্লাস্টিক অধিনায়ক।'আরও বলেন, 'ওই জুটিটা দেখুন; উদ্দেশ্যটা কী ছিল? হার্দিক পান্ডিয়া কী করতে চাইছিল? মাঝের ওভারগুলোতে ডট বলের সংখ্যা দেখলেই বোঝা যায়, কোনো সঠিক হিসাব বা ম্যাচ সচেতনতা ছিল না। ওই সময় রানরেট ভয়াবহভাবে নেমে যায়।'শ্রীকান্ত ব্যাখ্যা করে বলেন, 'ষষ্ঠ বা সপ্তম ওভারের দিকে রানরেট ছিল প্রায় ওভারপ্রতি ৯। এরপর সেটা ৭, ৭-এ নেমে যায়। এক ওভারে ১৩, পরে ১০, তারপর ৬। এরপর ৫, ৪, ৩, ৭, ৪; ১২ থেকে ১৬ ওভারের মধ্যেই তারা পুরো ম্যাচটা হারিয়ে ফেলে। শেষ দিকেও হার্দিক ব্যাটে থাকাকালে আসে মাত্র ৭ ও ৪ রান।'চলতি মৌসুমে হার্দিকের স্ট্রাইক রেট ১৩৬.৪৫, যা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে মাঝের ওভারগুলোতে দলটি প্রয়োজনীয় আক্রমণাত্মক ব্যাটিং পাচ্ছে না। এমন পরিস্থিতিতে শ্রীকান্ত প্রশ্ন তুলেছেন, ডেথ ওভারে চেন্নাই সুপার কিংসের চাপ সামাল দেওয়ার পরিকল্পনা কী ছিল।তিনি বলেন, 'সত্যি বলতে আমি বুঝতেই পারিনি তারা কী করতে চাইছিল। পরিকল্পনাটা আসলে কী ছিল?'এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের একটি কাজ খুব ভালোভাবে করেছে, তারা হার্দিককে কোনো সহজ বল দেয়নি। বিশেষ করে জেমি ওভারটন বারবার শরীর লক্ষ্য করে বল করেছেন। আরও পড়ুন: বাংলাদেশে পৌঁছাল পাকিস্তানের টেস্ট বহর, বাবর আসবেন পরেশ্রীকান্তের মতে, এখন দলগুলো হার্দিককে আটকে রাখার কৌশল জেনে গেছে এবং তারা নিয়মিত শরীর লক্ষ্য করেই বল করবে। তিনি বলেন, 'ওরা আর তাকে ফুল লেংথ বল করবে না। ওকে আটকে রাখবে। তারা জানে, লেংথে বল করলে সে মারবে। তাই ওই জায়গায় আর বল করবে না।'আগামী ৪ মে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে।
Go to News Site