Collector
প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন: তিন কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে | Collector
প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন: তিন কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে
Jagonews24

প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন: তিন কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্টোর রুমে অগ্নিকাণ্ড ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল চুরির মামলায় অধিদফতরের তিন কর্মকর্তাকে ৪ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন গবেষণা কর্মকর্তা ও স্টোর ইনচার্জ জিয়াদ আলী বিশ্বাস, স্টোর কিপার (মাস্টার রোল) হুমায়ুন কবির খান এবং ডাটা এন্ট্রি অপারেটর শহিদ হোসাইন। রোববার (৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ মে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মিরপুর-২ এর নতুন ভবনের দ্বিতীয় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ওই দিন অজ্ঞাত পাঁচ ব্যক্তি কৌশলে তালা ভেঙে স্টোর রুমে প্রবেশ করে। তদন্তে আরও জানা যায়, স্টোরে থাকা ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি ভালো অবস্থায়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি অধিক ক্ষতিগ্রস্ত এবং ১৪০টি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ৮৩টি ল্যাপটপ নিখোঁজ রয়েছে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন মামলা করেন। পুলিশ বলছে, ঘটনার পেছনে কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। এমডিএএ/জেএইচ

Go to News Site