Somoy TV
বছর তিনেক আগে ভারতীয় কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন ফোগাট-সহ ছয়জন কুস্তিগির। সে সময় বিচার চেয়ে রাস্তায় প্রতিবাদে নেমেছিলেন জাতীয় ও আন্তর্জাতিক কুস্তিগিররা। তবে এতদিন পর নিরবতা ভাঙলেন কুস্তিগির ভিনেশ ফোগাট। তার দাবি, যে ছয়জন ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন— তিনিই সেই ছয়জনের একজন।আসন্ন জাতীয় ওপেন র্যাঙ্কিং কুস্তি প্রতিযোগিতা উত্তরপ্রদেশের গোন্ডায়— ব্রিজভূষণের নিজ এলাকা সেখানে। যৌন নির্যাতনে অভিযুক্ত ব্রিজভূষণের এলাকায় এই আয়োজন হওয়ায় বেঁধেছে বিপত্তি। রোববার (৩ মে) এক ভিডিও বার্তায় ভিনেশ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তিনি স্পষ্ট জানান, এই পরিস্থিতিতে প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে তার বা তার দলের কারও কোনও ক্ষতি হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে। অন্যদিকে, জাতীয় কুস্তি সংস্থা জানিয়ে দিয়েছে যে এত অল্প সময়ে প্রতিযোগিতার ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। আরও পড়ুন: সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি বলেই দাবি তার, তবে বিশেষ পরিস্থিতির কারণে এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি। ভিনেশের কথায়, সেখানে অংশগ্রহণকারী পরিশ্রমী ক্রীড়াবিদদের সঠিক সুযোগ পাওয়া কঠিন, করণ ম্যাচ পরিচালনা থেকে পয়েন্ট নির্ধারণ— সবকিছুই ব্রিজভূষণ এবং তার ঘনিষ্ঠদের প্রভাব থাকতে পারে। এ বিষয়ে তিনি সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের নীরব ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন। প্রায় ১৮ মাস পর আবার ম্যাটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভিনেশ। তবে বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়েই তিনি দ্বিধায় রয়েছেন। তার বক্তব্য, প্রতিপক্ষের নিয়ন্ত্রণাধীন পরিবেশে নিজের সেরাটা দেওয়া অত্যন্ত কঠিন, বিশেষত একজন নারী ক্রীড়াবিদের জন্য। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যৌন হয়রানির মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভুক্তভোগীর পরিচয় গোপন রাখার কথা থাকলেও, বর্তমান প্রেক্ষাপটে তিনি নিজের অবস্থান স্পষ্ট করতে চান। ভিনেশ জানান, ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা ছয়জন মহিলা কুস্তিগিরের মধ্যে তিনিও একজন এবং আদালতে তাদের জবানবন্দি এখনও বাকি। আরও পড়ুন: ‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’, কূটনীতিতেও নতুন জোর ক্রীড়া প্রতিমন্ত্রীর তার দাবি, ব্রিজভূষণকে আনুষ্ঠানিকভাবে ফেডারেশন থেকে সরানো হলেও বর্তমান সভাপতি সঞ্জয় সিং তার প্রভাবেই কাজ করছেন, ফলে সংস্থার ভিতরে সেই প্রভাব এখনও বজায় রয়েছে। এদিকে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় সিং ভিনেশ ফোগাটের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি ভিনেশ ও তার দলের সুরক্ষার দায়িত্ব নিতে প্রস্তুত এবং গোন্ডায় তাদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তার বক্তব্য, কোনও আশঙ্কা না রেখে ভিনেশ যেন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের সেরাটা তুলে ধরেন। তবে একইসঙ্গে তিনি ভিনেশকে এই ইস্যুকে রাজনৈতিক রঙ না দেওয়ার পরামর্শও দেন। তার কথা, যদি কেউ বিষয়টিকে রাজনীতির দিকে নিয়ে যেতে চান, তা তাদের নিজস্ব সিদ্ধান্ত। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন হওয়ায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা তার পক্ষে সম্ভব নয়।
Go to News Site