Collector
চাঁদপুরে চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক | Collector
চাঁদপুরে চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক
Somoy TV

চাঁদপুরে চোরাই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক

চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।রোববার (৩ মে) রাতে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. লুৎফর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে শাহরাস্তির বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরির অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতে চোর চক্রকে ধরতে অভিযানে নামে শাহরাস্তি থানা-পুলিশের একাধিক দল। রোববার বিকেলে উপজেলার মেহার উত্তর ইউনিয়নের নাইনগর গ্রাম থেকে চক্রের মূল হোতা মো. ইউসুফকে (৪০) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও তিন সদস্যকে আটক করে পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা আন্তঃজেলা মোটরসাইকেল ও অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য।আরও পড়ুন: মুন্সীগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টিশাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, 'অটোরিকশা চুরির অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা চক্রটিকে ধরতে তৎপর ছিলাম। মূল হোতাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'আটককৃতদের কাছ থেকে অটোরিকশা ও মোটরসাইকেল ছাড়াও চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Go to News Site