Jagonews24
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত পপি তালুকদার (২২) চট্টগ্রাম ইপিজেড এলাকার এক পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ জানায়, গ্রেফতার উজ্জ্বল চন্দ্র মিত্র (২৯) দীর্ঘদিন ধরে বেকার এবং মাদক ও জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে তিনি এসব কাজে ব্যয় করতেন। রোববার (৩ মে) পুলিশ জানায়, গত ১ মে রাত সাড়ে ৯টার দিকে উজ্জ্বল নেশার জন্য স্ত্রীর কাছে টাকা চান। পপি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উজ্জ্বল তাকে এলোপাতাড়ি মারধর করলে পপি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। আরও পড়ুনআটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন কুমিল্লার বিএনপি নেতা রেজাউল ৬ ইসলামী ব্যাংকের নিয়োগ-ছাঁটাই নিয়ে তদন্তে বাংলাদেশ ব্যাংক পরে ওই রাতে স্থানীয় এক চিকিৎসককে বাসায় আনা হলে তিনি পপির অবস্থা গুরুতর বলে জানিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে অভিযুক্ত উজ্জ্বল তাকে হাসপাতালে না নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এরপর উজ্জ্বলের বোন তৃপ্তি ও ভাগনে সুব্রত সরকার প্রতিবেশীদের সহায়তায় পপিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে নাগাদ মাইলের মাথা এলাকা থেকে উজ্জ্বল চন্দ্র মিত্রকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। পরে আদালতে সোপর্দ করা হলে তিনি দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এমআরএএইচ/কেএসআর
Go to News Site