Somoy TV
কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালাল ছাড়া সরাসরি তাদের কাছ থেকেই ধান কেনা হবে বলে জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানান, সরাসরি ধান সংগ্রহ করে ব্যাংকের মাধ্যমে কৃষকদের পাওনা পরিশোধ করা হবে।রোববার (৩ মে) সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে ২০২৬ মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কৃষক ভাইদের প্রতি অত্যন্ত সচেতন। কৃষকদের জন্য কৃষিকার্ড চালু করা হয়েছে। গ্রামের নিম্ন আয়ের মানুষ যাতে তাদের ন্যূনতম প্রয়োজনীয় উপকরণগুলো সহজে পায়, সে জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আগামী জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে পোশাক সরবরাহের পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে। এই প্রতিটি উদ্যোগই গ্রামীণ মানুষের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য। এছাড়া ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের জন্য ভাতার ব্যবস্থাও করা হয়েছে।’ সুনামগঞ্জ ও সিলেটসহ হাওরাঞ্চলের বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করে আব্দুল বারী বলেন, ‘আগাম বন্যার কারণে কৃষকের ক্ষতির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে ধান সংগ্রহ কার্যক্রম এগিয়ে আনা হয়েছে। কৃষকরা যত পরিমাণ ধান দিতে পারবেন, আমরা তত পরিমাণই সংগ্রহ করব। আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান ও চাল এবার সংগৃহীত হবে। কৃষকরা যাতে ধানের প্রকৃত দাম পান, সেটিই সরকারের মূল লক্ষ্য।’ সংগ্রহ কার্যক্রমে কোনো সমস্যা হলে তা দ্রুত কন্ট্রোল রুম, স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের জানানোর আহ্বান জানান তিনি। আরও পড়ুন: পানি কমলেও হাওড়ে নতুন করে বৃষ্টি, ধান পচার ভয় জেলা খাদ্য অধিদফতর জানিয়েছে, নেত্রকোনা জেলায় এ বছর ৩৬ টাকা কেজি দরে ২০ হাজার ৪১৫ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৫৫ হাজার ৫৮৫ মেট্রিক টন বোরো সেদ্ধ চাল কিনবে সরকার। জেলার ১০টি উপজেলার মোট ৭৭ জন ডিলারের মাধ্যমে এই সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতর আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান।
Go to News Site