Jagonews24
পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দশমিনা উপজেলা থেকে ছেড়ে আসা ‘বাউফল ট্রাভেলস’ নামের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে আফসার গ্যারেজ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির এক স্টাফ নিহত হন। দুর্ঘটনায় তার কোমরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয় বাসিন্দা ওয়াহিদুজ্জামান স্বপন বলেন, অনেক সময় এসব বাসের নিচের বক্সে অতিরিক্ত মালামাল বহন করা হয়, এতে গাড়ির ভারসাম্য নষ্ট হয়। তার ধারণা, অতিরিক্ত মালামাল ও দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। কয়েকজন যাত্রীর কাছ থেকে তিনি শুনেছেন, দুর্ঘটনার সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। একজন নিহত হয়েছেন এবং আরও একজনকে গুরুতর অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মাহমুদ হাসান রায়হান/এমআরএম
Go to News Site