Jagonews24
রাজধানী ডেমরায় বড়ভাঙ্গা বাইপাস রোড এলাকায় রাস্তা পারাপারে সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ডলিমুন নেছা (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (৩ মে) দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই বৃদ্ধার ছেলে সোহরাব জানিয়েছেন, ডেমরা বড়ভাঙ্গা মহাকাশ বাইপাস রোড এলাকায় রাস্তা পারাপারে সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তার মা। পরে খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়। বর্তমানে ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কাজী আল আমিন/এসএনআর/জেআইএম
Go to News Site