Somoy TV
দিনাজপুরের ঘোড়াঘাটে চাঞ্চল্যকর গরু চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গরুচোর চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং গরু বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।সোমবার (৪ মে) ভোরে উপজেলার রাণীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে চক্রের মাস্টারমাইন্ড মো. কাওসার ইসলামকে (৩০) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরআগে মে রাতে অন্য চার আসামি গ্রেফতার হন।গ্রেফতাররা হলেন: উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে (গ্যাং লিডার) কাওসার ইসলাম (৩০), উপজেলার একই ইউনিয়নের কশিগাড়ী মধ্যপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে মাহমুদুল হাসান মুন্না (২৮), একই ইউনিয়নের মৃত জাহিদ মোল্লার ছেলে (পিকআপ চালক) সুভেল মিয়া (৩০), দক্ষিণ দেবীপুর (আল-হেরা স্কুলসংলগ্ন) এলাকার আলমগীর হোসেনের ছেলে আল রাহিদ আপন (২৫) ও উপজেলা পালশা ইউনিয়নের বেলোয়া নয়নদিঘী এলাকার ফারুক ইসলামের ছেলে ফাহিম ইসলাম (২৫)।আরও পড়ুন: চাঁদপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য আটকপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ মে দিবাগত রাতে উপজেলার নূরপুর (রাণীগঞ্জ) গ্রামের মাহাবুবুল আলম শিপনের গোয়াল ঘর থেকে একটি শাহীওয়াল জাতের গাভী ও একটি ফ্রিজিয়ান বকনা বাছুর চুরি হয়। যার বাজার মূল্য প্রায় দুই লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় ৩ মে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কৃষক।মামলা দায়েরের পরপরই ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি বিশেষ দল তদন্তে নামে। সোর্সের তথ্য ও সংগৃহীত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে মাহমুদুল হাসান মুন্না (২৮) নামে এক যুবককে শনাক্ত করে পুলিশ। ৩ মে রাতে তাকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে বেরিয়ে আসে পুরো চক্রের নাম। পরে ৪ মে ভোররাতে অভিযান চালিয়ে চক্রের মাস্টারমাইন্ড মো. কাওসার ইসলামকে (৩০) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা জানান, চুরির পর তারা গরু দুটিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাটে ৯৫ হাজার টাকায় বিক্রি করে দেন। গরু চুরির মিশনে ব্যবহৃত পিকআপভ্যানটি পুলিশ উদ্ধার করেছে। চক্রের মূলহোতা কাওসার একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে পীরগঞ্জ ও ঘোড়াঘাট থানায় আগেও একাধিক মামলা রয়েছে। মূলত টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় কাওসার তার সহযোগীদের নিয়ে এই চুরির পরিকল্পনা করে।আরও পড়ুন: যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে চোরাই সাত গরুসহ আটক ২এ বিষয়ে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম নিয়ামত উল্লাহ জানান, অভিযানে আসামিদের কাছ থেকে চুরি করা গরু বিক্রির ৬০ হাজার টাকা উদ্ধার করেছি। এছাড়া গরু পরিবহনে তারা যে পিকআপভ্যানটি ব্যবহার করেছিল, সেটিও জব্দ করা হয়েছে।এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেফতাররা পেশাদার চোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে চুরির কাজ করে থাকে। তাদের নামে ইতিপূর্বে ট্রান্সফরমার চুরিসহ একাধিক মামলা রয়েছে। তারা মূলত একটি বড় চোরচক্রের সদস্য হিসেবে নিয়মিত এই অপরাধের সঙ্গে জড়িত। গ্রেফতার আসামিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
Go to News Site