Jagonews24
‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনা করতে আসা মার্কিন-ইসরায়েলি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে হরমুজ প্রণালিতে প্রবেশ করতে বাধা দিয়েছে ইরানের নৌবাহিনী। ইরানের ‘কঠোর সতর্কবার্তা’ পাওয়ার পর হরমুজে অভিযান বিরত রেখেছে অক্ষ শক্তির ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। সোমবার (৪ মে) এক বিবৃতিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, নৌবাহিনীর ‘দৃঢ় ও দ্রুত সতর্কবার্তা’-এর মাধ্যমে মার্কিন ও ‘জায়নিস্ট শত্রুদের’ ডেস্ট্রয়ারগুলোকে হরমুজ প্রণালি অঞ্চলে প্রবেশ থেকে বিরত রাখা হয়েছে। এর আগে রোববার (৩ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সোমবার (৪ মে) থেকে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে মুক্ত করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেন, প্রজেক্ট ফ্রিডম নামের এই অভিযানটি তিনি শুরু করছেন সেসব দেশের অনুরোধে যাদের জাহাজ প্রণালিতে আটকে রয়েছে। এসব দেশকে ‘নিরপেক্ষ ও নির্দোষ পক্ষ’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, তারা সোমবার থেকে প্রণালি দিয়ে ‘স্বাধীনভাবে চলাচল করতে চাওয়া’ বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা শুরু করবে। সেন্টকম আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সামরিক সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলো মুক্ত করতে অপারেশন প্রজেক্ট ফ্রিডমে প্রায় ১৫ হাজার মার্কিন সেনা, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজ, বহুমাত্রিক মানববিহীন প্ল্যাটফর্ম (ড্রোন) এবং ১০০’র বেশি বিমান অংশ নেবে। এদিকে, ইরানের খতম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি সতর্ক করে বলেছেন, কোনো বিদেশি সামরিক বাহিনী-বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালি কাছে আসে বা প্রবেশের চেষ্টা করে, তাহলে তাদের ওপর হামলা চালানো হবে। শীর্ষ এই জেনারেল আরও বলেন, ‘আমরা পূর্ণ সক্ষমতা দিয়ে হরমুজ প্রণালির নিরাপত্তা বজায় রাখব এবং দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করব। নিরাপত্তা ঝুঁকি এড়াতে ইরানের মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকারকে প্রণালি অতিক্রম না করার পরামর্শ দিচ্ছি।’ সূত্র: তাসনিম নিউজ এজেন্সি কেএম
Go to News Site