Jagonews24
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জব্দ করেছে ভারতের নির্বাচন কমিশন। ভোট গণনাকেন্দ্রে ফোন নিয়ে প্রবেশের অনুমতি না থাকায় তাদের ফোন জব্দ করা হয়েছে। সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়। এরমধ্যে বিকেলে ভবানিপুর আসনের সাখাওয়াত মেমোরিয়াল স্কুল কেন্দ্রে যান মমতা। সেখানে যান শুভেন্দুও। ওই সময় তাদের কাছ ফোন থাকায় সেগুলো জব্দ করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। জানা গেছে, ওই কেন্দ্রে প্রবেশ করেছিলেন মমতার ভাইয়ের ছেলে অভিষেক। কিন্তু তিনি সেখানকার প্রার্থী বা এজেন্ট না হওয়ায় তাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে সেখানকার বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। সোমবার (৪ মে) সকালে ভোটগণনা শুরু হয়। এতে দেখা যাচ্ছে, ২৯৪টি আসনের মধ্যে ২০৫টি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল মাত্র ৮৪টি কেন্দ্রে এগিয়ে আছে। ফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। এমন পরিস্থিতিতে আসানসোলের জামুরিয়াতে তৃণমূলের অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জামুরিয়ার পাশাপাশি কুচবিহারের দিনহাটাতে সংঘর্ষ হয়েছে। সেখানে ভোটগণনা কেন্দ্রের সামনে দুই দলের নেতাকর্মীরা মারামারিতে জড়ান। এর পাশাপাশি আসানসোলে ভোটগণনা এজেন্টদের মধ্যেও হাতাহাতি হয়। ওই সময় সেখানে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন তারা। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সূত্র: আনন্দবাজার এসএএইচ
Go to News Site