Collector
পদত্যাগের ঘোষণা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক | Collector
পদত্যাগের ঘোষণা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক
Jagonews24

পদত্যাগের ঘোষণা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম। তাকে থাপ্পড় দিয়ে সাময়িক বহিষ্কার হওয়ার পরও ছাত্রদল প্যানেলের হল সংসদ প্রার্থী সাদিয়া সুলতানা নেলীকে বিভাগের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সোমবার (৪ মে) বিকেলে জকসু ভিপি রিয়াজুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন জর্জিস আনোয়ার নাঈম। তবে তা গৃহীত হয়নি বলে জানিয়েছেন জকসু ভিপি। জানা গেছে, অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলী জবি আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। সোমবার তার তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ভাইভা পরীক্ষা ছিল। নাম প্রকাশ না করার শর্তে তার বিভাগের এক শিক্ষার্থী জানান, সোমবার ভাইভায় অংশ নিতে বিভাগে আসেন সাদিয়া সুলতানা নেলী। তবে তার সিরিয়াল আসার আগেই জকসু নেতারা গিয়ে অভিযোগ জানান। এরপর তার সিরিয়াল আসার পরও তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। তবে অন্যান্য শিক্ষার্থীদের ভাইভা শেষ হওয়া পর্যন্ত বিভাগের অফিসে অপেক্ষা করতে বলা হয় তাকে। জকসু নেতারা অভিযোগ করেছেন, পরে তাকে ভাইভায় অংশ নিতে দেওয়া হয়েছে। আরও পড়ুনজকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়, বহিষ্কার ছাত্রদল নেত্রী জকসু ক্রীড়া সম্পাদককে হুমকির অভিযোগ, থানায় জিডি  এ বিষয়ে কথা বলতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ক্রিস্টিন রিচার্ডসনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন বলেন, সাংবাদিকদের থেকে শুনছি যে সে পরীক্ষা দিয়েছে। তবে অস্থায়ী বহিষ্কার হলে পরীক্ষা দেওয়ায় বাধা নেই। যদি সে স্থায়ীভাবে বহিষ্কার হয় তবে তার সবগুলো পরীক্ষা বাতিল হয়ে যাবে। সোমবার জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েকদিন আগে আমার সঙ্গে যে ঘটনা ঘটে তার কারণে মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় দিন পার হচ্ছিল। গতকাল তাকে সাময়িক বহিষ্কার করা হলো, তবে আজ আমরা দেখলাম তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। হয়তো আমাদের আই ওয়াশ করানোর জন্যই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, এজন্য আমি জকসু ভিপি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। তার মাধ্যমে সেটি উপাচার্যের কাছে যাবে। গত ২৯ এপ্রিল ক্যারাম খেলাকে কেন্দ্র করে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় দেন জকসুর হল সংসদের ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলী। টিএইচকিউ/কেএসআর

Go to News Site