Somoy TV
জরুরি সংস্কার কাজের জন্য আজ মঙ্গলবার (৫ মে) দুপুর থেকে সুনামগঞ্জ শহরের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয়ে গেছে। কালিপুর হাওর এলাকায় ওই স্থানে নতুন পোল স্থাপনের জরুরি সংস্কার কাজের জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় দ্রুততম সময়ে সংযোগ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আরও পড়ুন: সংকট মোকাবিলায় দেশীয় সম্পদ আহরণ বাড়ানোর তাগিদ জ্বালানিমন্ত্রীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ। তিনি জানান, লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ জরুরি মেরামত কাজ হাতে নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
Go to News Site