Somoy TV
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে এক বছরের কারাদণ্ড ও চারজনকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত ৮টি ব্যাকহো মেশিন ও ৩টি ট্রাক জব্দ করা হয়েছে।সোমবার (৪ মে) বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।অভিযান চলাকালে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মতিন নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত থাকার দায়ে চারজনকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমানের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় নদী তীরের মাটি কাটার আটটি ব্যাকহো মেশিন ও তিনটি ট্রাক জব্দ করে পুলিশের জিম্মায় দেওয়া হয়।আরও পড়ুন: মেঘনার চরে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযানপ্রশাসন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ ও ভূঞাপুরের একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে যমুনা নদীর চর ও পাড় কেটে অবৈধভাবে মাটি বিক্রি করে আসছিল। এর ফলে বঙ্গবন্ধু যমুনা রেল সেতু, যমুনা সেতু এবং সেতু রক্ষা গাইড বাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত এই অভিযানের নির্দেশ দেওয়া হয়।অভিযান শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, যমুনা নদী দখল এবং অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।
Go to News Site