Somoy TV
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় মঙ্গলবার (৫ মে) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর সরকার - দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে চাঁদাবাজদের নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টি বার বার বলে আসছেন। এরপর গত রোববার রাতে চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করে পুলিশ। এই আটকের মধ্য দিয়ে সমাজে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে সক্ষম হয়েছে তারেক রহমানের সরকার। যদিও আটকের ১২ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে রেজাউল কাইয়ুমকে। ফলে এ নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও অপরাধ বিশ্লেষক ও সমাজের বিশিষ্টজনরা বলছেন, এটাও বা কম কিসে! কারণ অতীতে কোনো সরকারকে নিজ দলের কারও বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিতে দেখা যায়নি। হামে শিশুমৃত্যু বাড়ছে, ঠেকাতে প্রস্তুতি কম - দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম এটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে দেশে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্র। এ নিয়ে এই বছর হামে মৃত্যু ৩০০ ছাড়াল। হামে মৃত্যু কমানো যেত কি না, স্বাস্থ্য বিভাগ মৃত্যু ঠেকাতে সঠিক পদক্ষেপ নিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্র সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নিশ্চিত হামে দুজনের এবং হামের উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছে। ১৫ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছিল আগের দিন।পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় - দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম এটি। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়। সে ঝড়ে উড়ে গেল তৃণমূলের ঘাসফুল। ঠিক ২০১১ সালে তৃণমূল বিধানসভা নির্বাচনে যে রেকর্ড করেছিল, ঠিক যেন তার বিপরীত চিত্র এবার। তারা বামেদের ক্ষমতা থেকে উৎখাত করেছিল সেবার। আর ১৫ বছর পর তারাই রাজ্যের ক্ষমতা থেকে উড়ে গেল। সঙ্গে সঙ্গে বিজেপি’র গেরুয়া পতাকায় ছেয়ে গেল পশ্চিমবঙ্গ। এমন খবরে বিজেপি’র সমর্থকরা সোমবার দুপুর থেকেই উল্লাস করছেন রাজ্য জুড়ে। কোথাও আবীরে রাঙাচ্ছেন। কোথাও খাবার বিতরণ করছেন। কেউ নাচছেন। গাইছেন। সঙ্গে সঙ্গে ইতিহাস তৈরি হলো পশ্চিমবঙ্গে। স্বাধীনতার পর এই প্রথম ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে ক্ষমতার মসনদে বসতে চলেছে। ২০১১ সালে বামফ্রন্টের ৩৪ বছরের কঠিন দুর্গে আঘাত হেনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৮৪টি আসন নিয়ে ক্ষমতায় বসেছিলেন। আর তিনবার তিনি জয়ের ধারা অব্যাহত রাখলেও এবার আর তা সম্ভব হয়নি। প্রত্যাবর্তনের সব স্বপ্নকে চুরমার করে বিজেপি পরিবর্তনের আকাক্সক্ষাকে পূরণ করেছে। এই প্রথম রাজ্যটিতে হিন্দুত্ববাদী দল ক্ষমতায় এলো। জেল পালানো জঙ্গিরা কোথায়? - দৈনিক মানবজমিনে প্রকাশিত খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, ’২৪-এর গণ-অভ্যুত্থানে দেশের ৮টি কারাগার ভেঙে পালানো ৭ শতাধিক বন্দির এখনো হদিস মেলেনি। তালিকায় থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৮ জঙ্গির মধ্যে ৭০ জন এখনো অধরা। অভিযোগ উঠেছে- এতদিন আরসা, জেএমবি, হুজি-বি, এটিবিসহ, হিজবুত তাহ্রীর, জামা’আতুল মুজাহিদীনসহ বিভিন্ন নামে আলাদা আলাদা সংগঠন পরিচালনা করে আসছিল এসব জঙ্গি। তবে বর্তমানে জেল ফেরারি এসব জঙ্গি আত্মগোপনে থেকে মার্শাল-আর্টসহ বিভিন্ন প্রশিক্ষণের আড়ালে সদস্য সংগ্রহ করে প্রকাশ্যে ও অনলাইনে জঙ্গি তালিম দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু বিপদগামী সদস্যের সঙ্গে আঁতাত করে দেশে নতুন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে তারা। ক’দিন আগে গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কায় ৮টি বিমানবন্দরসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করে সরকার। নজর রাখা হচ্ছে কারা অভ্যন্তরে থাকা বন্দিদের ওপরেও।
Go to News Site