Somoy TV
২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয়ের দল টিভিকে সোমবার (৪ মে) এক ঐতিহাসিক জয় পেয়েছে। এর মাধ্যমে ভেঙে গেছে প্রায় ছয় দশক ধরে চলে আসা দ্রাবিড়ীয় বিভাজন এবং তামিল ভাষায় ‘থালাপতি’—যার অর্থ ‘কমান্ডার’—সিনেমা ও রাজনীতির পরবর্তী বড় মেলবন্ধন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৩৪ সদস্যের বিধানসভায় টিভিকে ১০০টিরও বেশি আসন জেতার পথে রয়েছে। এসব আসনের মধ্যে একটি ভিরুগামপাক্কাম, যা চেন্নাই লোকসভা কেন্দ্রের অন্তর্গত; যেটি থাকবে আর সবরিনাথনের দখলে। কিন্তু কে এই আর সবরিনাথন? তিনি বিজয়ের গাড়িচালকের ৩০ বছর বয়সি ছেলে এবং প্রথমবারেই নির্বাচনে জয়ী হয়ে টিভিকে-র নবনির্বাচিত বিধায়কদের তালিকায় নিজের নাম যুক্ত করে তামিলনাড়ুর রাজনীতিতে অভিনেতার (বিজয় থালাপতি) পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন। তিনি ডিএমকে-র প্রভাকরা রাজা ও এআইএডিএমকে-র ভিরুগাই রবিকে ২২ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন, যারা যথাক্রমে ২০২১ ও ২০১৬ সালে এই আসনে জয়ী হয়েছিলেন। আরও পড়ুন: তামিলনাড়ুতে বিজয় ঝড়, ফলাফল দেখে থালাপতির ‘কাছের লোক’ হওয়ার চেষ্টায় কংগ্রেস! তামিলনাড়ুর অন্য বিভিন্ন স্থানেও লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে ডিএমকে। পরাজিতদের তালিকায় আছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজেও, যাকে টিভিকে-র ভি এস বাবু তার কোলাথুর ঘাঁটিতে হারিয়েছেন। তবে স্ট্যালিনের ছেলে উদয়ানিধি স্ট্যালিন তুলনামূলক ভালো ফল করেছেন। তিনি টিভিকে-র আরেক নেতা সেলভাম ডি-কে মোকাবিলা করে ৭,১৪০ ভোটের ব্যবধানে তার চেপাক-তিরুভল্লিকেনি আসনটি ধরে রেখেছেন। রাজ্যটির সম্ভাব্য মুখ্যমন্ত্রী বিজয়ের কথা বলতে গেলে, তিনি টানা তিনটি জয় পেয়েছেন – তার দল টিভিকে রাজ্যজুড়ে বিপুল জয় লাভ করেছে এবং তিনি পেরাম্বুর (ডিএমকে-র আরডি শেখরকে প্রায় ৫০ হাজার ভোটে হারিয়ে) ও তিরুচিরাপল্লি (পূর্ব) (ডিএমকে-র এস ইরুদয়রাজকে প্রায় ২৩ হাজার ভোটে হারিয়ে) থেকে জয় পেয়েছেন। এনডিটিভি বলছে, গণনা শেষের দিকে থাকায় এবং ফলাফল টিভিকে-র বিশাল জয়ের দিকেই ক্রমশ ইঙ্গিত করায়, সবার মনোযোগ এখন সরকার গঠনের দিকে। ধারণা করা হচ্ছে, বিজয়ের দল ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে অল্পের জন্য পিছিয়ে পড়তে পারে। যার অর্থ হলো- এই সীমা অতিক্রম করতে তাদের অন্যান্য দলের সমর্থনের প্রয়োজন হবে। আরও পড়ুন: ‘আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব’, বাবাকে বলেছিলেন বিজয় সেই সমর্থন কার কাছ থেকে আসবে—কংগ্রেস, এআইএডিএমকে, নাকি আঞ্চলিক দলগুলোর জোট—সেটিই আগামী কয়েকদিন ধরে রাজ্যটির প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠবে। সূত্র: এনডিটিভি
Go to News Site