Somoy TV
রংপুর শহরের নবাবগঞ্জ বাজার। ভোরের আলো ফুটতেই কড়াইয়ে ফুটন্ত তেলের ছ্যাঁত ছ্যাঁত শব্দ আর মৌ মৌ গন্ধে চারপাশ জানান দেয় তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জিলাপি। মচমচে, রসালো আর টক-মিষ্টি স্বাদের এই জিলাপির কারিগর ‘মুসলিম মিষ্টান্ন ভান্ডার’। প্রায় ৬৮ বছর ধরে একই স্বাদ আর সুনাম নিয়ে টিকে আছে এই প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠাতা আবুল কাশেমের হাত ধরে ১৯৫৬ সালে লালবাগ হাটে যাত্রা শুরু হয়েছিল এই মিষ্টির দোকানের। পরে ১৯৫৮ সালে এটি নবাবগঞ্জ বাজারে স্থানান্তর করা হয়। আবুল কাশেম আজ বেঁচে নেই, তবে তাঁর উত্তরসূরি দুই ছেলে আবুল কালাম আজাদ ও জাহাঙ্গীর কবির বাবার শেখানো পথে ধরে রেখেছেন জিলাপির সেই আদি স্বাদ।প্রতিষ্ঠানের বর্তমান স্বত্বাধিকারী জাহাঙ্গীর কবির বলেন, 'বাবা শিখিয়ে গেছেন জিলাপিতে কোনো কেমিক্যাল বা মেডিসিন ব্যবহার না করতে। আমরা খামিরকে নির্দিষ্ট সময় ধরে প্রাকৃতিক উপায়ে প্রসেস করি, যাতে জিলাপি মচমচে হয় এবং সেই চিরচেনা টক-মিষ্টি স্বাদ পাওয়া যায়। সততা আর গুণগত মানই আমাদের জনপ্রিয়তার মূল রহস্য।'দোকানটিতে চিনির জিলাপির চেয়েও বেশি কদর গুড়ের জিলাপির। স্বাদে ভিন্নতা আর মচমচে টেক্সচারের কারণে এটি স্থানীয়দের কাছে আলাদা ভালোবাসার নাম।জিলাপি কিনতে আসা কাপড় ব্যবসায়ী করিম মিয়া বলেন, 'রংপুরে অনেক দোকানেই জিলাপি মেলে, কিন্তু এখানকার গুড়ের জিলাপির মতো মচমচে আর কোথাও হয় না। দিন শেষে বাড়ি ফেরার পথে এখান থেকে জিলাপি নেওয়াটা এখন অভ্যাসে পরিণত হয়েছে।'আরও পড়ুন: ৫০ বছর ধরে ঘুড়ি বানাচ্ছেন ৯৪ বছরের ‘গুড্ডি দাদু’শফিক নামে একজন নিয়মিত ক্রেতা বলেন, 'শহরের যেকোনো মিলাদ বা অনুষ্ঠান হোক, মানুষ এক নামে নবাবগঞ্জ বাজারের ‘মুসলিম মিষ্টান্ন ভান্ডারে’ চলে আসে। এখানকার জিলাপির আকার বড়, দামও সাশ্রয়ী এবং তারা ওজনেও কিছুটা বেশি দেওয়ার চেষ্টা করে।'এই স্বাদ ও মচমচে ভাবের পেছনে রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। টানা ২৮ বছর ধরে এখানে জিলাপি বানাচ্ছেন কারিগর একরামুল হক। তিনি জানান, ভালো মানের গুড় আর চালের গুঁড়োর সঠিক মিশ্রণের পাশাপাশি তাদের একটি ‘গোপন পদ্ধতি’ আছে, যা জিলাপিকে দীর্ঘক্ষণ মচমচে রাখে।প্রতিদিন এই দোকানে ১৫০ থেকে ২০০ কেজি জিলাপি বিক্রি হয়। জিলাপির পাশাপাশি নিমকি, লাড্ডু, গজা এবং খুরমাও সমান জনপ্রিয়। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুসলিম মিষ্টান্ন ভান্ডার কেবল একটি দোকান নয়, বরং রংপুরের মানুষের কাছে এক রসালো স্মৃতির নাম হয়ে দাঁড়িয়েছে।
Go to News Site