Collector
মেলার প্যান্ডেলের দড়ি বাঁধা হলো বীরশ্রেষ্ঠদের গলায়! | Collector
মেলার প্যান্ডেলের দড়ি বাঁধা হলো বীরশ্রেষ্ঠদের গলায়!
Somoy TV

মেলার প্যান্ডেলের দড়ি বাঁধা হলো বীরশ্রেষ্ঠদের গলায়!

টাঙ্গাইলে আয়োজিত বিসিক শিল্পমেলায় মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে মেলার প্যান্ডেল টানানোর অভিযোগ উঠেছে। ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বস্তরে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়।জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই মেলার উদ্বোধন করেন। মেলাটি রোববার (৩ মে) পর্যন্ত চলে। মেলার শুরুর দিকে বিষয়টি কারও নজরে না পড়লেও শেষের দিকে ভাস্কর্যের অবমাননাকর ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ছবি ও স্থানীয়দের বর্ণনায় দেখা যায়, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে সেই দড়িতে স্টলের বাঁশ বাঁধা হয়েছে। সেখানে কাপড়ও ঝোলানো অবস্থায় দেখা যায়। এছাড়া ভাস্কর্যের পাশেই রয়েছে ময়লার স্তূপ। অনেকেই এটিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন। সচেতন মহলের মতে, স্বাধীনতার জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি যথাযথ সম্মান দেখানো সবার নৈতিক দায়িত্ব। বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য জাতির গৌরব ও সম্মানের প্রতীক, এগুলো কোনোভাবেই মেলার সাজসজ্জার অংশ বা খুঁটি হতে পারে না। এটি শুধু অব্যবস্থাপনা নয় বরং আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের প্রতি চরম অসম্মান। এ বিষয়ে কবি ও কলামিস্ট এনায়েত করিম বলেন, ‘বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু অবহেলা নয়, আমাদের স্বাধীনতার ইতিহাস ও আত্মত্যাগের প্রতি চরম অসম্মান। যারা আয়োজক কমিটি ছিলেন তাদের এ বিষয়ে সচেতন হওয়া উচিত ছিল।’ আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পরামর্শে বীরশ্রেষ্ঠদের নামে সংসদের গ্যালারির নামকরণ সাংস্কৃতিক সংগঠক সাজ্জাদ খোশনবিশ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই ঘটনা প্রমাণ করে আমরা জাতি হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা কতটা ধারণ করতে পেরেছি, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’ বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম বলেন, ‘মেলার ৯ দিনের মাথায় কে বা কারা এই কাজ করেছে তা আমাদের জানা নেই। বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে সরিয়ে নেয়া হয়েছে।’ অন্যদিকে, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া জানান, মেলা শেষ হওয়ার পর বিষয়টি তাদের নজরে এসেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Go to News Site