Collector
চট্টগ্রামে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১ | Collector
চট্টগ্রামে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১
Jagonews24

চট্টগ্রামে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রাম বন্দর থেকে আত্মসাৎ হওয়া প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ১৬৩টি কাপড়ের রোল উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ মে) নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণী ইউনিয়নের আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে ১৬৩টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আমদানি করা কাপড় গত ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দর থেকে একটি কাভার্ডভ্যানে করে গাজীপুরে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে হালিশহর থানাধীন আব্বাসপাড়া টোলরোড এলাকায় একটি ফিলিং স্টেশনে গাড়িটি রাখা হয়। পরদিন ভোরে সেখান থেকে গাড়িটি রওনা দিলেও নির্ধারিত গন্তব্যে না গিয়ে চালকসহ সংশ্লিষ্টরা কাপড়গুলো আত্মসাৎ করে। এ ঘটনায় ২৭ এপ্রিল হালিশহর থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা হয়। মামলার পর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের নির্দেশনায় একটি দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণী ইউনিয়নের আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে ৯৬টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। পরে চর জব্বর থানার চর মজিদ ভুঁইয়ার হাট বাজার এলাকায় আরেকটি অভিযানে আরও ৬৭টি রোল উদ্ধার করা হয়। এভাবে আত্মসাৎ হওয়া সব ১৬৩টি কাপড়ের রোল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল বাসার (২৬) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এমআরএএইচ/এমআইএইচএস

Go to News Site