Collector
ইতিহাস গড়ার স্বপ্নে গ্রিজম্যান | Collector
ইতিহাস গড়ার স্বপ্নে গ্রিজম্যান
Somoy TV

ইতিহাস গড়ার স্বপ্নে গ্রিজম্যান

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা জয়ের লক্ষ্যে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের তারকা ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যান। তার মতে, চলতি মৌসুমটি হতে পারে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের সুযোগ।উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার (৫ মে) রাতে আর্সেনালের মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। প্রথম লেগে অ্যাতলেটিকোর মাঠে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়েছিল। ওই ম্যাচে আর্সেনালের হয়ে পেনাল্টি থেকে গোল করেন ভিক্টর ইয়োকেরেস, আর অ্যাতলেটিকোর হয়ে গোল করেন হুলিয়ান আলভারেস।ফাইনালে ওঠার জন্য এখন দুই দলই লড়বে দ্বিতীয় লেগে, যেখানে জয়ী দল ফাইনালের টিকিট কাটবে। ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে পিএসজি অথবা বায়ার্ন মিউনিখ।৩৫ বছর বয়সি গ্রিজম্যান আগামী গ্রীষ্মে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব অরল্যান্ডো সিটিতে যোগ দিয়েছেন। মৌসুমের মাঝ পথে অ্যাতলেটিকো ছাড়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই চিন্তা থেকে সরে আসেন। তার মতে, এই মৌসুমে বড় কিছু অর্জনের সুযোগ রয়েছে বলেই তিনি ক্লাব ছাড়েননি।আরও পড়ুন: অ্যাতলেটিকোর ১০ নাকি আর্সেনালের ২০ বছর— কার অপেক্ষার অবসান আজ? গ্রিজমান এর আগে তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি অ্যাতলেটিকোর হয়ে। ২০১৬ সালের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের সময় পেনাল্টি মিস করে তিনি আলোচনায় আসেন, যা এখনও তার ক্যারিয়ারের একটি বড় স্মৃতি।আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে গ্রিজম্যান বলেন, 'ওই বছরটি একেবারেই আলাদা ছিল। অনেক চাপে ছিলাম। সবকিছু খুব দ্রুত ঘটছিল এবং আমি জানতাম না কীভাবে নিজেকে শান্ত রাখতে হয়। এখন আমি অনেক বেশি পরিণত এবং শান্ত। নির্ভার থেকে এখন ম্যাচ খেলতে নামি এবং অনেক বেশি উপভোগ করি। কিছু মুহূর্ত থাকে যখন মনে হয় ঘুরে দাঁড়াব কিন্তু সেটা হয় না। সবাই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলার সুযোগ পায় না... আমরা ইতিহাস গড়তে পারি।'ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয় এবং ইউরোপা লিগ ট্রফি থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ এখনও তার অধরা স্বপ্ন। তবে তার বিশ্বাস, অ্যাতলেটিকো মাদ্রিদ দল হিসেবে এখন শিরোপা জয়ের লক্ষ্য থেকে মাত্র দুই ধাপ দূরে।

Go to News Site