Somoy TV
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৪ মে) রাতে টেকনাফের জাদিমুরাস্থ ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (৫ মে) সকালে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ওই তরুণের নাম মোহাম্মদ উল্লাহ (১৯)। সে জাদিমুরা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুল করিমের ছেলে। পুলিশ জানায়, মোহাম্মদ উল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়াতুল্লাহ বিডি আহম্মেদ’ নাম ব্যবহার করে সক্রিয় ছিল। টিটিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে তার যুক্ত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। একই সঙ্গে এই তরুণ একই নামে পাকিস্তানের দুই সন্ত্রাসী নেতার পরিচালিত ‘হাকিকত নিউজ’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত ছিল। এছাড়া সে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সামরিক শাখার দায়িত্বপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ। আরও পড়ুন: সীমান্তে আরাকান আর্মির গোলাগুলি, ফাঁকা আস্তানায় পতাকা টানিয়ে অবস্থান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে তার সঙ্গে টিটিপির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেফতার তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।’ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান জানান, পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্যপ্রযুক্তিগত সহায়তায় তাকে শনাক্ত করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Go to News Site