Somoy TV
শাপলা গণহত্যার সমর্থক ও পরিকল্পনাকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।মঙ্গলবার (৫ মে) রাজধানীতে ‘শাপলা গণহত্যা থেকে জুলাই’ শীর্ষক সেমিনারে এই দাবি জানান তিনি। আখতার হোসেন বলেন, “শাপলা চত্বরের গণহত্যার সমর্থনকারী ও মাস্টারমাইন্ডদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশে সাধারণ মানুষ ‘কথা বলে নিরাপদ থাকবে’–এমন নীতির বাস্তবায়ন প্রয়োজন। দীর্ঘদিন ধরে চলা বিচারহীনতা ও মানবতাবিরোধী অপরাধের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই জুলাই আন্দোলনের জন্ম।”দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই পিলখানা থেকে শাপলা চত্বর পর্যন্ত একের পর এক মানবতাবিরোধী অপরাধ করেছে। শাপলা চত্বরের ঘটনাকে এতদিন অস্বীকার করার চেষ্টার মাধ্যমে ঐতিহাসিক দায় থেকে বাংলাদেশ মুক্ত হতে পারবে না। বর্তমান সরকারের উচিত বিগত সব আন্দোলনে নিহতদের ‘শহীদ’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া। আরও পড়ুন: শাপলা চত্বরের সেই অভিশাপেই হাসিনা দিল্লিতে পালিয়েছে: শিবির সভাপতিএর আগে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে উগ্রপন্থার উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, সেখানকার রাজনীতি এখন ‘বাম থেকে রামে’ পৌঁছেছে, যা থেকে অনেক উসকানি আসতে পারে। সরকারের প্রতি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তিস্তা পানি চুক্তি বাস্তবায়ন এবং ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান জানান তিনি।আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, বর্তমান সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার দাবি জানান।
Go to News Site