Jagonews24
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম সিজনে নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজশ্রী থাপা। এরই মধ্যেই তাকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল। কিছুদিন আগে নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নতুন মুখের ছবি প্রকাশ করে আলোচনা তৈরি করেন। পরে তিনি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ১২-তে বিশেষ চমক হিসেবে দেখা যাবে এই অভিনেত্রীকে। বর্তমানে সিরিজটির শুটিং চলছে নেপালে। সেখানে নেহাল চরিত্রে তৌসিফ মাহবুব, হাবু চরিত্রে চাষী আলম, পাশা চরিত্রে মারজুক রাসেল, কাবিলা চরিত্রে জিয়াউল হক পলাশ এবং আরেফিন চরিত্রে শামীম হাসান সরকারের সঙ্গে কাজ করছেন রাজশ্রী। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সহ-অভিনেতাদের নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন রাজশ্রী থাপা। তিনি মারজুক রাসেল, চাষী আলম ও শামীম হাসান সরকারের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোর ক্যাপশনে পাশা, হাবু ও আরেফিন চরিত্রের অভিনয়শিল্পীদের ‘খুব ভালো মনের মানুষ’ বলে উল্লেখ করেন তিনি। এই মন্তব্যের পর থেকেই দর্শকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই নেপালি এই অভিনেত্রীকে স্বাগত জানিয়েছেন এবং সিরিজে তার উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। একই সঙ্গে তার চরিত্রটি কেমন হবে, তা নিয়েও আগ্রহ বাড়ছে। প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে প্রচারিত হয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’। বর্তমানে এর পঞ্চম সিজন চলমান। নতুন এই সিজনে শুরু থেকেই রয়েছে নানা চমক। দীর্ঘ বিরতির পর নেহাল ও আরেফিন চরিত্রে আবারও ফিরেছেন তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। আরও পড়ুন:ছেলেকে ড্রাম শেখাচ্ছেন জেমস, ভাইরাল ভিডিও দুইবার অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি এ ছাড়া সিরিজটিতে আরও অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠুসহ অনেকে। ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ প্রচারিত হচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে। এমএমএফ
Go to News Site