Collector
বগুড়ায় ডিসি, এডিসি ও এসিল্যান্ডকে শোকজ | Collector
বগুড়ায় ডিসি, এডিসি ও এসিল্যান্ডকে শোকজ
Somoy TV

বগুড়ায় ডিসি, এডিসি ও এসিল্যান্ডকে শোকজ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুরপাড়ে বেআইনিভাবে সাইনবোর্ড স্থাপন করায় বগুড়ার জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং নন্দীগ্রামের সহকারী কমিশনারের (ভূমি বা এসিল্যান্ড) বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছেন আদালত।বগুড়ার যুগ্ম জেলা জজ আদালত-২-এর বিচারক শামিমা খাতুন এই আদেশ দেন। মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের আইনজীবী এম এ ছোবহান। মামলা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার কোষাশ মৌজার ৫ দশমিক ৯৯ একর আয়তনের ‘বিষলাল’ পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মনছের আলী সরদারসহ ১০ জন ব্যক্তি এই পুকুরের ভোগদখলকার হিসেবে ২০২০ সালে একটি মামলা (নম্বর-৯৫/২০২০) দায়ের করেন। পরে ২০২১ সালের ৯ মে আদালত এই সম্পত্তির ওপর সরকার পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বাদীদের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ বিদ্যমান থাকা সত্ত্বেও গত ২৭ এপ্রিল জেলা প্রশাসনের নির্দেশে বিবাদীরা পুকুরটিকে সরকারি সম্পত্তি দাবি করে সেখানে সাইনবোর্ড স্থাপন করেন। আদালতের আদেশ উপেক্ষা করায় গত ২৯ এপ্রিল বাদীপক্ষ পুনরায় আদালতের শরণাপন্ন হয়ে আদালত অবমাননার মামলা করে। আরও পড়ুন: দুদকের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি কারাগারে সোমবার (৪ মে) বাদীপক্ষের আবেদন আমলে নিয়ে আদালত প্রশাসনের শীর্ষ এই তিন কর্মকর্তাকে শোকজ করেন। আদালতের সেরেস্তাদার স্বাক্ষরিত নোটিশে আগামী ২৪ মে সকাল ৯টায় বিবাদীদের সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব দিতে ব্যর্থ হলে আইনানুযায়ী একতরফা শুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, কোষাশ মৌজার ওই পুকুরে সরকারি পক্ষ থেকে সাইনবোর্ড লাগানো হয়েছে। আদালত অবমাননার অভিযোগের বিষয়টি তারা জানতে পেরেছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Go to News Site