Somoy TV
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ভেঙে পড়ে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়েছে।মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো গোপালনগর গ্রামের সালাউদ্দিনের ছেলে সামি (৭) এবং একই এলাকার খায়ের খানের মেয়ে নাফিজা নূর (৮)।বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন জানান, প্রতিদিনের মতো সব শ্রেণিতে পাঠদান চলছিল। হঠাৎ বিকট শব্দ শুনে শিক্ষকেরা দৌড়ে গিয়ে দেখেন, দ্বিতীয় শ্রেণির কক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং অভিভাবকদের খবর দেওয়া হয়।বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা আক্তার বলেন, তিনি অন্য একটি শ্রেণিতে পাঠদান করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার মেয়ে ফ্যানের আঘাতে আহত হয়েছে। একই ঘটনায় তার মেয়ের সহপাঠী আরেক শিক্ষার্থীও আহত হয়। পরে দুজনকে হাসপাতালে নেওয়া হয়।আরও পড়ুন: কুমিল্লায় স্কুলের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে সালমা মৌ জানান, আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Go to News Site