Collector
যৌতুকের জন্য ৭ বছর ধরে নির্যাতন, এবার চুল কেটে দিলেন স্বামী ও শাশুড়ি! | Collector
যৌতুকের জন্য ৭ বছর ধরে নির্যাতন, এবার চুল কেটে দিলেন স্বামী ও শাশুড়ি!
Somoy TV

যৌতুকের জন্য ৭ বছর ধরে নির্যাতন, এবার চুল কেটে দিলেন স্বামী ও শাশুড়ি!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে মীম আক্তার নামের এক গৃহবধূর মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মীম আক্তার ওই এলাকার জহিরুল ইসলামের মেয়ে এবং একই এলাকার দ্বিন ইসলাম দিনুর স্ত্রী। ভুক্তভোগী নারীর ভাই জেহাদ ইসলাম জানান, ব্যবসার কথা বলে যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দেয়ার জন্য মীমকে চাপ দিচ্ছিলেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। টাকা দিতে না পারায় তাকে প্রায়ই মারধর করা হতো। এর জেরে মঙ্গলবার তার চুল কেটে দেয়া হয়। জেহাদ আরও জানান, বিয়ের পর থেকেই মীমের ওপর এমন নির্যাতন চালানো হচ্ছিল। তাদের সাত বছরের সংসারে মাহদী ইসলাম নামে পাঁচ বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী মীম আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী ব্যবসার জন্য ৫ লাখ টাকা এনে দিতে বলে। সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গাল ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে আমার শাশুড়ির সহযোগিতায় আমার মাথার চুল কেটে দেয়।’ আরও পড়ুন: পাঁচ দিনেও মর্গ থেকে মরদেহ নেননি স্ত্রী-সন্তান, বেওয়ারিশ হিসেবে দাফন নির্যাতনের বিষয়টি জানতে পেরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দ্বিন ইসলাম দিনু পলাতক রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনাটি মৌখিকভাবে জানার পর পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তিনি আরও জানান, এ বিষয়ে ভুক্তভোগীর মা পুতুল বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পাওয়ার সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Go to News Site