Somoy TV
ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড অ্যান্তোইন সেমেনিওকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে ৭১ বছর বয়সী এক ফুটবল দর্শককে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের মেরসিসাইড পুলিশ। ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে এভারটন।এভারটনের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়, হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকা দর্শক এবং স্টেডিয়াম কর্মীরা অভিযোগটি শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ‘বর্ণবাদী উদ্দেশ্যপ্রণোদিত জনশৃঙ্খলা লঙ্ঘনমূলক অপরাধ’-এর সন্দেহে তদন্ত চলছে। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘বর্ণবাদ ও সব ধরনের বৈষম্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।’ বিষয়টিতে দ্রুত পদক্ষেপ নেয়ায় এভারটন ও পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ম্যানচেস্টার সিটি । ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা পুরো ঘটনায় সঠিক ও দ্রুত ব্যবস্থা নেয়াকে স্বাগত জানায়। আরও পড়ুন: এমবাপ্পেকে বাদ দিতে রিয়াল মাদ্রিদের ১০ লাখের বেশি সমর্থকের স্বাক্ষর এর আগেও একই ধরনের বর্ণবাদী আচরণের শিকার হন সেমেনিও। চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচে বোর্নমাউথের হয়ে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলতে গিয়ে তিনি এক লিভারপুল সমর্থকের কাছ থেকে বর্ণবাদী গালির অভিযোগ করেন। ওই ম্যাচে খেলা সাময়িকভাবে বন্ধ করে অভিযুক্ত দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয়া হয়। সেই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে একই ম্যাচে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মার্ক গেহির বিরুদ্ধে অনলাইনে বর্ণবাদী আক্রমণের ঘটনায়ও নিন্দা জানিয়েছে ক্লাবটি। ম্যানচেস্টার সিটি জানিয়েছে, ‘আমরা সেমেনিও এবং মার্ক; দুজনকেই পূর্ণ সমর্থন দিয়ে যাব এবং আমাদের খেলায় কোনো ধরনের বৈষম্য কখনোই মেনে নেব না।’ আরও পড়ুন: স্পেনের লিগে ৭০ বছর বয়সে মাঠে নেমে ইতিহাস গড়লেন এক গোলরক্ষক এভারটন ক্লাব, মেরসিসাইড পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
Go to News Site