Jagonews24
বঙ্গোপসাগরে চলমান ৫৮ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা না মেনে বরফ বিক্রি করায় বরগুনার পাথরঘাটা উপজেলায় তিনটি বরফ তৈরির কারখানায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার (৫ মে) বিকেলে পাথরঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (৪ মে) সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন বরফ তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। পাথরঘাটা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী আইন না মেনে বরফ বিক্রির অভিযোগে পাথরঘাটার বিভিন্ন বরফ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট সংলগ্ন মাস্টার আইস নামে একটি বরফ কারখানা থেকে পাঁচটি বরফ বিক্রির অনুমতি থাকলেও একটি গাড়িতেই ৩০টি বরফ দেওয়া হয়। পরে অতিরিক্ত বরফ বিক্রির দায়ে ওই কারখানার মালিক সেলিম রেজাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট এলাকার পাথরঘাটা স্লুইস সংলগ্ন ভাইভাই আইস কারখানায় অভিযান চালালে বরফ তৈরি করার কোনো লাইসেন্স পাওয়া যায়নি। পরে ওই কারখানার মালিক ক্ষিতীশ বালাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। কেবি আইস নামে আরেকটি বরফ তৈরির কারখানার লাইসেন্স নবায়ন ছাড়াই বরফ উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে পাথরঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক জাগো নিউজকে বলেন, মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরুর পর থেকে আমরা বিভিন্ন সময়ে বরফ কারখানায় অভিযান পরিচালনা করেছি। বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি বরফ তৈরির কারখানাকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মাস্টার আইস বরফ কারখানাকে মৎস্য আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুটি কারখানায় মৎস্য বিভাগের সদস্যদের উপস্থিতিতে পাথরঘাটার সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। নুরুল আহাদ অনিক/এমএন/এমএস
Go to News Site