Somoy TV
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুরে খালাতো ভাই গোলাম হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সামিরুল ইসলাম কালুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত রামদাসহ দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।বুধবার (৬ মে) দুপুরে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলবাড়িয়া গ্রামের একটি বাড়িতে কালুর আত্মগোপনে থাকার খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাড়ির পাশে থাকা একটি পাটকাঠির গাদা থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি কালু নিজেই শনাক্ত করে। আরও পড়ুন: মেহেরপুরে ধারালো অস্ত্রে খালাতো ভাইকে হত্যা এর আগে, গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাতো ভাই গোলাম হোসেনকে কুপিয়ে হত্যা করে সামিরুল ইসলাম কালু। এ ঘটনায় নিহত গোলাম হোসেনের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতেই এজাহারভুক্ত ২ নম্বর আসামি বন্যা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। এরপর বুধবার ১ নম্বর ও প্রধান আসামি কালুকেও গ্রেফতার করা হলো। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান জানান, ঘটনাটির অধিকতর তদন্ত চলমান রয়েছে।
Go to News Site