Somoy TV
রাজধানীর রায়েরবাগে অটোরিকশার ধাক্কায় সুমাইয়া নুর তাকওয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি স্কুলের ২য় শ্রেণিতে পড়ত সে।বুধবার (৬ মে) সন্ধ্যা ৬টার দিকে কদমতলী রায়েরবাগ পাকার মাথায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, তাদের বাসা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পাঠানতলী এলাকায়। শিশুটির বাবার নাম নুর আলম খান। হাসপাতালে শিশুটির নানি মর্জিনা বেগম জানান, তিনি (মর্জিনা) থাকেন কদমতলীর রায়েরবাগ বাজার এলাকায়। তিন সন্তানকে নিয়ে সুমাইয়ার মা কান্তা আক্তার নারায়ণগঞ্জ থেকে রায়েরবাগে তার বাসায় সকালে বেড়াতে এসেছিল। বিকেলে নানি, মা ও বোনদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল শিশুটি। নানির বাসার কিছুটা দূরে যাওয়ার পর ললিপপ খেতে তার কাছে আবদার করে তাকওয়া। তখন নানি ১৫ টাকা দেন তিন বোনের জন্য ৩টি ললিপপ কিনতে। সেই টাকা হাতে নিয়ে দৌড়ে দোকানে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: কামরাঙ্গীরচরে বাসার সামনে খেলার সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
Go to News Site