Somoy TV
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ‘আউটকাম বেজড এডুকেশন’ (ওবিই) কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত আমাদের বিশ্ববিদ্যালয়ে এরইমধ্যে ওবিই কারিকুলামে পাঠদান শুরু হয়েছে। আপনাদের সবার ঐকান্তিক সহযোগিতায় আশা করি চবিতে ওবিই কারিকুলাম সফলভাবে বাস্তবায়ন হবে৷ সবার সহযোগিতায় চবিকে আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আপনাদের মাধ্যমেই চবির গৌরবোজ্জ্বল ইতিহাস রচিত হবে। আরও পড়ুন: চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন নিয়ে প্রশাসন-চীনা প্রতিনিধি বৈঠক উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘গত ছয় মাস আমরা অনেক পরিশ্রম করেছি ওবিই কারিকুলাম বাস্তবায়ন করার জন্য। আজ সবার আন্তরিক উপস্থিতিতে বুঝা যাচ্ছে আমাদের পরিশ্রম সফল এবং ওবিই বাস্তবায়নে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম।’ তিনি সবাইকে কারিকুলামের পদ্ধতি মেনে পাঠদান, মূল্যয়ন এবং ফলাফল প্রকাশের আহ্বান জানান। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘আমরা ওবিই কারিকুলাম পদ্ধতিতে পাঠদান শুরু করতে পেরেছি, এটা আমাদের বড় সফলতা। এ সফলতার কারিগর শিক্ষকরা।’ আরও পড়ুন: তিনি আইকিউএসিসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সেমিনারে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের কোর্স পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কলা ও মানববিদ্যা, ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান, আইন ও শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ওবিই কারিকুলামের সফল বাস্তবায়নে কোর্স শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, শিখন-শেখানো এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। এছাড়া একাডেমিক ক্যালেন্ডার, প্রথম সেমিস্টারের টাইমলাইন এবং কোর্স শিক্ষক সংশ্লিষ্ট জিআরআর বিষয়ে শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
Go to News Site