Jagonews24
চট্টগ্রামের পটিয়ায় বিকাশে ভুল নম্বরে টাকা পাঠিয়ে এক ব্যবসায়ী বিপাকে পড়লেও অল্প সময়ের মধ্যে পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে পটিয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় পটিয়ার কচুয়াই এলাকা থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করে। থানায় অভিযোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই টাকা ফেরত পান ব্যবসায়ী যুবক মো. ইলিয়াছ। পুলিশ জানায়, চন্দনাইশ উপজেলার বৈলতলী জাফরাবাদ গ্রামের মৃত মোহাম্মদ মুছার ছেলে ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াছ গত ২ এপ্রিল তার পরিচিত পটিয়া কচুয়াই এলাকার একজনের বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর দুই দিন পর তিনি বুঝতে পারেন, ভুলক্রমে অন্য একজনের নম্বরে টাকা চলে গেছে। মো. ইলিয়াছ জানান, বিষয়টি পটিয়া থানায় লিখিতভাবে জানালে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে টাকাগুলো উদ্ধার করে দেন। পটিয়া থানার এসআই জুয়েল রানা বলেন, ইলিয়াছ ভুলবশত এক নারীর নম্বরে টাকা পাঠিয়েছিলেন। প্রথমে ওই নারী টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, যে ভুলবশত তার নম্বরে টাকা এসেছে। পরবর্তীতে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করে ব্যবসায়ী ইলিয়াছের কাছে ফেরত দেওয়া হয়। এসআই জুয়েল রানা আরও বলেন, অনেক সময় ভুল নম্বরে টাকা চলে গেলেও ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন না। এমন ঘটনার ক্ষেত্রে দ্রুত পুলিশকে জানানো উচিত। এমডিআইএইচ/এমআরএম
Go to News Site