Collector
যুদ্ধ বন্ধের উদ্যোগের মাঝেই ইরানি পতাকাবাহী জাহাজে মার্কিন বাহিনীর গোলাবর্ষণ | Collector
যুদ্ধ বন্ধের উদ্যোগের মাঝেই ইরানি পতাকাবাহী জাহাজে মার্কিন বাহিনীর গোলাবর্ষণ
Somoy TV

যুদ্ধ বন্ধের উদ্যোগের মাঝেই ইরানি পতাকাবাহী জাহাজে মার্কিন বাহিনীর গোলাবর্ষণ

ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষরের দ্বারপ্রান্তে তেহরান-ওয়াশিংটন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এটি সইয়ের মাধ্যমে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী ফের চালু হবে। এরপর একটি চুক্তির জন্য আলোচনার টেবিলে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। ইরানের সঙ্গে একটি বড় চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও। তবে এর মাঝেই ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি জাহাজে গোলাবর্ষণ করেছে মার্কিন নৌবাহিনী।ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক আলোচনার ডামাডোলের মধ্যেই নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘অবরোধ অমান্য করার চেষ্টা’ করলে তাতে হামলা চালানো হয়। মার্কিন যুদ্ধবিমান থেকে কামানের গোলা ছুঁড়ে ওই জাহাজের রাডার ব্যবস্থা অকেজো করে দেয়া হয়েছে বলেও জানানো হয়। এদিকে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে তেহরানের কিছুটা নমনীয় হওয়ার আভাস মিলেছে। ইরানের বন্দর ও সমুদ্র-বিষয়ক সংস্থা জানিয়েছে, তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে কারিগরি ও চিকিৎসা সেবা দিতে পুরোপুরি প্রস্তুত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই অঞ্চলে চলমান সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন।  আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রায় চূড়ান্ত, এক পৃষ্ঠার স্মারকে কী কী আছে? ট্রাম্প ইরানের সাথে চুক্তির বিষয়ে নিজের ইতিবাচক অবস্থানের কথাও জানিয়েছেন। তিনি বলেন, যেকোনো চুক্তির মূল শর্ত হবে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এছাড়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়ার বিষয়েও কড়া বার্তা দেন তিনি। অন্যদিকে, দীর্ঘ কথা চালাচালির পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি চূড়ান্ত শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে দাবি বিভিন্ন গণমাধ্যমের। তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধ বন্ধে একটি বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। পাকিস্তান এই শান্তি প্রক্রিয়ায় প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ইরান সরকার এখনো মার্কিন প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং শিগগিরই পাকিস্তানের মাধ্যমে তাদের চূড়ান্ত জবাব পাঠাবে বলে জানিয়েছে। এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

Go to News Site