Collector
২২ দিনের ব্যবধানে বগুড়ায় ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী | Collector
২২ দিনের ব্যবধানে বগুড়ায় ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী
Jagonews24

২২ দিনের ব্যবধানে বগুড়ায় ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

আবারও একদিনে চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সরকারি সফর ঘিরে ব্যস্ততা বাড়ছে বগুড়া জেলায়। বৃহস্পতিবার (৭ মে) গুরুত্বপূর্ণ এই সফরে বগুড়ায় আসছেন সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তা ও মন্ত্রিপরিষদের সদস্যরা। ২২ দিনের ব্যবধানে একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রীর ধারাবাহিক সফরকে কেন্দ্র করে বগুড়ায় উন্নয়ন কার্যক্রমে গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা। সরকারি সূত্রে জানা গেছে, সফরসূচিতে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আখতার। তারা আকাশপথে বগুড়ায় পৌঁছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বগুড়া বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করবেন। এ সফরে বিমানবন্দর চালুর পাশাপাশি বগুড়ায় একটি ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের সম্ভাবনাও যাচাই করা হবে বলে জানা গেছে, যা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে। একই দিনে সকাল ৯টায় পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) মিলনায়তনে ২০২৭ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক। এর আগে চলতি বছরের ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনের ব্যবধানে বগুড়া সফর করেন আরও চার মন্ত্রী-প্রতিমন্ত্রী। তাদের মধ্যে ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বগুড়ার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা উপপরিচালক রাজিয়া সুলতানা সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিমানবন্দর পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করবেন। একইসঙ্গে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণে আরডিএতে গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এফএ/এমএস

Go to News Site