Somoy TV
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করতে অবৈধ দখলে থাকা খাল উদ্ধার করে খনন এবং নদীভাঙন রোধ করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য।বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সদরের বিশ্বখাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী। পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘পর্যায়ক্রমে বেহাল দশায় পড়া দেশের খালগুলো খননের উদ্যোগ নেয়া হয়েছে, যা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি কর্মসূচি একটি আন্দোলন বা বিপ্লব। সেই আন্দোলনের কারণে নতুন করে আবারও জাগরণ সৃষ্টি হয়েছে। তাই নতুন উদ্যমে খাল খনন করা হচ্ছে। তবে বর্ষায় নয়, শুষ্ক মৌসুমেই খাল খনন করা হবে। এ জন্য ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নেয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘গত কয়েক বছরে সঠিক নজরদারি কিংবা রক্ষণাবেক্ষণ না করার ফলে অনেক খাল ভরাট হয়ে গেছে। এর মধ্যে অবৈধ দখল তো আছেই। তাছাড়া দীর্ঘদিন খাল খনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। সেই খালগুলো উদ্ধার এবং দখলমুক্ত করে কৃষকের সেচ কাজের উপযোগী করা হবে, যা এখন প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এ সময় চাঁদপুর শহর রক্ষা বাঁধ, লক্ষ্মীপুরসহ দেশের নদীভাঙন রোধে সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।’ মন্ত্রী জানান, এরই মধ্যে প্রধানমন্ত্রী নিজে এবং মন্ত্রী ও সংসদ সদস্যরা বিভিন্ন খাল খননে অংশ নিয়েছেন, যা দেশের মানুষ সাদরে গ্রহণ করেছে। পরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় যোগ দেন পানিসম্পদমন্ত্রী। সভায় জানানো হয়, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে যাবেন। মূলত এ বিষয় নিয়েই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুরে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন: ৫ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী সভায় আগামী ১৬ মে প্রধানমন্ত্রী কর্তৃক চাঁদপুরে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ, সুধী সমাবেশ ও বিএনপি আয়োজিত জনসভার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন পানিসম্পদমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর সফল করার বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে সর্বশেষ অগ্রগতি সম্পর্কেও জানতে চান। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার রবিউল হাসানসহ শীর্ষ কর্মকর্তারা। সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইলিশের বাড়ি চাঁদপুরে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা এখন থেকেই উজ্জীবিত। তারা প্রধানমন্ত্রীর প্রতিটি কর্মসূচি সফল করতে নিরলসভাবে কাজ করছেন। অন্যদিকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দায়িত্ব পালনে তৎপর রয়েছেন।
Go to News Site