Collector
স্পোর্টিং উইকেট চান শান্ত, তবে খারাপ উইকেট হলেও মানিয়ে নিতে প্রস্তুত দল | Collector
স্পোর্টিং উইকেট চান শান্ত, তবে খারাপ উইকেট হলেও মানিয়ে নিতে প্রস্তুত দল
Somoy TV

স্পোর্টিং উইকেট চান শান্ত, তবে খারাপ উইকেট হলেও মানিয়ে নিতে প্রস্তুত দল

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে যেকোনো ম্যাচের আগে স্বাভবিকভাবেই উইকেটের প্রসঙ্গ উঠে আসে। পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের আগেও তার ব্যতিক্রম দেখা যায়নি। উইকেটের প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, ভালো উইকেটের প্রত্যাশা করছে তার দল। তবে খারাপ উইকেট হলেও সেটা নিয়ে অভিযোগ না করে বরং মানিয়ে নিতে প্রস্তুত তার দল।বৃহস্পতিবার (৭ মে) সিরিজের প্রথম টেস্টের আগে শেষ অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের পর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক শান্ত।উইকেট নিয়ে দলের প্রত্যাশার কথা জানাতে গিয়ে শান্ত বলেন, 'ভালো উইকেট হবে আশা করছি। যদি এখন আমাদের দলটা দেখেন, আমার মনে হয় বোলিং আক্রমণটাও অভিজ্ঞ। বেশ কয়েকজন ব্যাটার অনেকদিন ধরে খেলছে এই ফরম্যাটে। বিশেষ করে টেস্ট ক্রিকেটের ব্যাটারগুলো স্থিতিশীল আছে। বেশ কয়েকটা সিরিজ আমরা একসঙ্গে খেলছি। অভিজ্ঞতার দিক দিয়ে আমি বলব যে ভালো একটা দল।'তবে উইকেট যেমনই হোক, সেখানে মানিয়ে নিতে প্রস্তুত শান্তর দল, 'উইকেট যেরকমই থাকুক, ভালো পেসার এবং ভালো স্পিনার দুই দিকেই আছে। স্পোর্টিং উইকেট থাকলে আমাদের টিমের জন্য ভালো। কিন্তু একটা বিষয়, আগামীকাল বা সামনের পাঁচ দিনে কী হবে উইকেটের, এটা আসলে আবহাওয়ার ওপর অনেকটা নির্ভর করবে। ওই অনুযায়ী অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের করতে হবে এবং আমি মনে করি যে ব্যাটার এবং বোলার আমার দলে আছে, তারা পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে সক্ষম।'আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে শিক্ষার্থীদের জন্য স্টেডিয়ামে ফ্রি প্রবেশের সুযোগবাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যবহৃত মাঠ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম। স্বভাবগতভাবেই এই উইকেট কিছুটা ধীরগতির। ফলে এখানে পারফর্ম করতে ব্যাটারদের বেশ বেগ পেতে হয়। উইকেটের প্রভাব পড়ে ব্যাটারদের গড় এবং স্ট্রাইক রেটেও। এ বিষয়ে শান্তর দৃষ্টিভঙ্গি এমন, পরিসংখ্যানগত এসব বিষয়ে হাত নেই ক্রিকেটারদের। আগে পরে কিছুটা প্রভাব পড়লেও উইকেটের উন্নতির সঙ্গে সঙ্গে ব্যাটারদের গড়েও পরিবর্তন আসবে বলে বিশ্বাস তার।এ প্রসঙ্গে শান্ত বলেন, 'মন খারাপ করার কিছু নাই (গড়, স্ট্রাইক রেট নিয়ে)। মিরপুরে তো সবসময় চ্যালেঞ্জ ছিল। অনেক চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং করতে হয়েছে সবসময়। যদি ভালো উইকেটে খেলতাম বা আগে যারা খেলেছে, তারা যদি ভালো উইকেটে খেলত অবশ্যই তাদের গড় বা স্ট্রাইক রেট আরেকটু ভালো হতো। ওইটা আসলে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে নেই।'কন্ডিশন অনুযায়ী ভালো খেলার দিকে জোর দিয়ে শান্ত বলেন, 'যেরকম কন্ডিশনই থাকুক ওই কন্ডিশন অনুযায়ী কত ভালো ব্যাটিং করা যায় এটাই একজন ব্যাটার হিসেবে জরুরী। সম্প্রতি যদি মিরপুরের উইকেট দেখেন বিশেষ করে সাদা বলের ক্রিকেটে আমরা কয়েকটা সিরিজ খেললাম আগের থেকে অনেক ভালো উইকেটে। আশা করাই যায়, ধীরে ধীরে এই জায়গাতে ব্যাটাররা আরেকটু ভালো ব্যাটিং করতে পারবে। পাশাপাশি ব্যাটিং গড়টাও হয়তো সময়ের সঙ্গে পরিবর্তন হবে।'

Go to News Site