Somoy TV
বিশ্বের ১ ট্রিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর বাজারে নিজেদের অবস্থান জানান দিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রদর্শনী ‘সেমিকন সি ২০২৬’ এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ।৫ থেকে ৭ মে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টার’ এ এই মেলা অনুষ্ঠিত হয়। ‘ট্রান্সফর্ম টমোরো’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই মেলায় বিশ্বের ৭০০ এর অধিক শীর্ষস্থানীয় কোম্পানি অংশগ্রহণ করে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহারি আব্দুল গনি। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়, রফতানি উন্নয়ন ব্যুরো এবং কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় এই মেলায় অংশ নেয় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। বিএসআইএ-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল জব্বারের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল এই মিলনমেলায় দেশের প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় তিন চিপ ডিজাইন প্রতিষ্ঠান নিউরল সেমিকন্ডাক্টর লিমিটেড, প্রাইম সিলিকন টেকনোলজি (বিডি) লিমিটেড এবং সিলিকোনোভা লিমিটেড তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও সক্ষমতা বিশ্বদরবারে প্রদর্শন করছে। আরও পড়ুন: বাংলাদেশি ইউটিউবার নিহত: অভিযুক্ত মালয়েশীয় সেনাসদস্যের হতে পারে মৃত্যুদণ্ড প্রদর্শনীর দ্বিতীয় দিনে বাংলাদেশ বুথ পরিদর্শন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এসময় তিনি বলেন, বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প দ্রুত বিকশিত হচ্ছে এবং এই ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার পথ প্রশস্ত করবে। বিএসআইএ সভাপতি এম. এ. জব্বারও তার বক্তব্যে হাই-টেক খাতে বৈশ্বিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে এই মেলার গুরুত্ব তুলে ধরেন। আরও পড়ুন: ‘ফ্রি ভিসার ফাঁদ’: মালদ্বীপে ভোগান্তি ও বেকারত্বের শিকার বহু বাংলাদেশি মেলা চলাকালীন বাংলাদেশি প্রতিনিধিদল মালয়েশিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, এমডেক এবং ক্যাডেন্স ও সিলটেরার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সাথে গুরুত্বপূর্ণ কৌশলগত বৈঠক সম্পন্ন করেছে। এই মেলার মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য কেবল পোশাক বা কৃষিপণ্যে সীমাবদ্ধ না থেকে উচ্চ-প্রযুক্তি স্তরে উন্নীত হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানান তারা।
Go to News Site