Somoy TV
কুষ্টিয়া সরকারি কলেজে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ সময় শিক্ষার্থীরা তাকে ঘিরে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে হট্টগোল সৃষ্টি করেন। পরে পুলিশের পাহারায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, এদিন সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে যান সংসদ সদস্য মুফতি আমির হামজা। এমপি অনুষ্ঠানস্থলে পৌঁছালে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে টুর্নামেন্ট উদ্বোধনের জন্য তিনি মাঠে প্রবেশ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়েও তাকে ঘিরে ধরে স্লোগান দেন এবং মাঠের মধ্যে বসে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। শিক্ষার্থীরা সেখানে গিয়েও একইভাবে স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। আরও পড়ুন: এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এদিকে, এ ঘটনার পরপরই আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। পেজের অ্যাডমিনের দেয়া ওই স্ট্যাটাসে লেখা হয়, ‘কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা।’ এ বিষয়ে বক্তব্য জানতে আমির হামজার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ফোর্স নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে যান। তবে এমপিকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেছেন তিনি। ওসি বলেন, ‘খবর পেয়ে আমি যখন অধ্যক্ষের কার্যালয়ে যাই, তখন আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে আলাপ করতে দেখি। পরে তিনি আমার সঙ্গেই কার্যালয় থেকে বেরিয়ে আসেন এবং কলেজ ক্যাম্পাস ত্যাগ করে চলে যান।’
Go to News Site