Collector
ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ | Collector
ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ
Jagonews24

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি (ভারপ্রাপ্ত) কমিশনার মো. সরওয়ার। বিশেষ করে জাল টাকা, অজ্ঞানপার্টি, মলমপার্টি, ছিনতাইকারী অপরাধীকে গ্রেফতারের কথা বলেন তিনি। বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার আরও বলেন, পশুর হাটগুলোর আশপাশে যানজট সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রেখে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। লঞ্চ ঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে আরও তৎপরতা বাড়াতে হবে। ফুট পেট্রোল জোরদার করতে হবে। থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করতে হবে। কোনো অপরাধ যেন থানা এলাকায় সংঘটিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। চলমান বিশেষ অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেফতার করতে হবে। মাসিক অপরাধ সভায় এপ্রিল মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার ওসি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিটি/এমআইএইচএস

Go to News Site