Somoy TV
নোয়াখালীতে ১১৩ মেগাওয়াট হোসাফ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের ২ প্রকৌশলীসহ ৬ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে প্ল্যান্টের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সড়কের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।বৃহস্পতিবার (৭ মে) বিকেল পৌনে চারটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে এ ঘটনা ঘটে। এ সময় সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ থাকে। আধাঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকার পর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে সড়ক থেকে বিক্ষুব্ধদের উঠিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা বলেন, প্ল্যান্টে কর্মরতদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ না করা, বিনা নোটিশে শ্রমিক আইন না মেনে শ্রমিক ছাঁটাই, চিকিৎসার অভাবে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ প্ল্যান্টের অন্যান্য সুযোগ-সুবিধাদি নিশ্চিত করার জন্যই তারা সড়ক অবরোধ করেছেন। তারা আরো বলেন, বৃহস্পতিবার (৭ মে) সকালে প্ল্যান্টের গেইটে আসলে তারা জানতে পারেন, কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই দুইজন প্রকৌশলীসহ ছয়জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আরও পড়ুন: নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, চাচাতো ভাই গ্রেফতার বেতন ভাতাদি নিয়মিতকরণসহ অবৈধভাবে চাকরিচ্যুতদের পুনরায় চাকরিতে ফিরিয়ে না দিলে প্ল্যান্ট শাটডাউনসহ বড় ধরণের কর্মসূচির ডাক দেয়া হবে। বিক্ষোভকারীদের মধ্যে শিফট ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম রিজভী জানান, সকালে প্ল্যান্টে এসে গেট দিয়ে ঢুকতে দারোয়ান তাকে চাকরিতে অব্যাহতি পত্র প্রদান করে। অথচ এর আগে কোনো নোটিশ দেয়া হয়নি। প্ল্যান্ট ইনচার্জ মো. আলমগীর হোসাইন জানান, আমাদের ঢাকা অফিস থেকে আজ সকালে আমার কাছে ছয় জন স্টাফের অব্যাহতিপত্র পাঠিয়েছে। আমি শুধু তাদের সেসব দিয়েছি। এর বাহিরে আমার কিছু জানা নেই। আজ তারা বিক্ষোভ করেছেন এটিও আমি ঊর্ধ্বতনদের জানিয়েছি। আরও পড়ুন: নোয়াখালীতে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল ২ গাড়ি, যুবক নিহত বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, প্ল্যান্টের স্টাফদের বেতন ভাতা, ইনক্রিমেট বৈষম্য নিয়ে তারা সড়ক অবরোধ করেছিল। আমরা গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে দিয়েছি। আমরা এখানে প্ল্যান্টের ইনচার্জকে বলেছি মালিক পক্ষের সাথে যাতে কথা বলে বিষয়গুলোর সমাধান করে।
Go to News Site