Somoy TV
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ (ইমি) গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।বুধবার (৭ মে) দুপুর পৌনে ৩টার দিকে তিনি জামিনে কারামুক্ত হন বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কারা সূত্র জানায়, সকালে হাইকোর্টের জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেয়া হয়। এর আগে, গত ৩০ এপ্রিল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমির জামিন আবেদন শুনানি শেষে রুল জারি করে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আরও পড়ুন: ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমির জামিন আদালতে ইমির পক্ষে শুনানি করেন আইনজীবী মুহা. নোমান হোসাইন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ রাতে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারের কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। এসময় রিকশায় মাইক ব্যবহার করে ভাষণ প্রচারের সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এতে বাধা দেন। পরদিন পুলিশ ইমিসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
Go to News Site