Somoy TV
কুমিল্লার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুন নাঈম ফারিহার (২৩) মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচণায় থানায় মামলা হয়েছে।বুধবার (৬ মে) রাতে ফারিহার বাবা মো. হানিফ বাদী হয়ে হত্যার অভিযোগ এনে ৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দাখিল করেন। এতে ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়, শ্বশুর আবদুর রহিম, শাশুড়ি আফরোজা বেগম, ননদ রীমা আক্তার ও তার স্বামী জাকারিয়াসহ ৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, ফারিয়ার বাবার অভিযোগ আপাতত আত্মহত্যার প্ররোচণার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত আসলে তখন বিধি মোতাবেক মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্ত হবে। ওসি জানান, ঘটনার পর থেকে ফারিহার স্বামীসহ অন্যরা পলাতক রয়েছে। তাকে আটক করতে পারলে ঘটনার রহস্যের জট খুলবে। পুলিশের অভিযান চলছে। আরও পড়ুন: কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফারিহা ও হৃদয় একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে তাদের মধ্যে প্রেম-ভালোবাসার সম্পর্ক হয়। পরে উভয় পরিবারের সম্মতিতে গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার আবদুর রহিমের ছেলে মেহেদী হাসান হৃদয়ের সাথে ১৫ লাখ টাকার দেনমোহরে পারিবারিকভাবে বিয়ে হয়। বিবাহের পর থেকে তার স্বামী ও পরিবারের লোকজন ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। ফারিহা তার স্কুলশিক্ষক বাবার নিকট থেকে টাকা এনে দিতে না পারায় পরিবারে আরও কলহ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ফারিহার বাবা বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে আসামিরা হত্যার পর সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে ৯৯৯-এ কল করে পুলিশ ডেকে আনে। থানায় মরদেহ নেয়ার পর আমাদের জানানো হয় ফারিয়া আত্মহত্যা করেছে।’ এদিকে মেয়ে হারানোর শোকে এখনও আহাজারি করছেন ফারিহার মা। তাদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে, মেয়েকে হারিয়ে এখনো অনবরত কান্না করছেন তিনি। আরও পড়ুন: কুমিল্লায় বন্ধুদের সঙ্গে গল্পের মাঝেই সাপের ছোবলে তরুণের মৃত্যু এর আগে গত মঙ্গলবার (৫ মে) রাতে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি (মুন্সেফবাড়ি) এলাকার ‘কাশেম গার্ডেন’ নামের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে পুলিশ ফারিহার মরদেহ উদ্ধার করে। ফারিহা কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
Go to News Site