Collector
২ যুগ আগের মামলা: তোফায়েল আহমেদের জামিন বাতিল নিয়ে যা জানাল প্রসিকিউশন | Collector
২ যুগ আগের মামলা: তোফায়েল আহমেদের জামিন বাতিল নিয়ে যা জানাল প্রসিকিউশন
Somoy TV

২ যুগ আগের মামলা: তোফায়েল আহমেদের জামিন বাতিল নিয়ে যা জানাল প্রসিকিউশন

দুই যুগ আগে এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।বৃহস্পতিবার (৭ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ২২ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। এর আগে গত ১৯ এপ্রিল এ মামলায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। সেইসঙ্গে জামিন বাতিল করে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেন। এদিকে, তোফায়েল আহমেদের জামিন বাতিলের বিষয়ে বিবৃতি দিয়েছে প্রসিকিউশন। এতে বলা হয়েছে, মামলাটি প্রায় ২৪ বছরের পুরানো। তোফায়েল আহমেদ বিচারাধীন মামলাটির চার্জ গঠনের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে কোয়াশমেন্টের আবেদন করলে প্রায় ২০ বছর স্থগিত থাকে। এক পর্যায়ে হাইকোর্ট ডিভিশন রুল খারিজ করে মামলাটি আবারো বিচারের জন্য পাঠান। আদালত আসামিদের হাজির হওয়ার নিমিত্তে সমন জারি করেন। এ মামলার অন্যান্য আসামিরা সমন পেয়ে আদালতে হাজির হলেও তোফায়েল আহমেদ হাজির হননি। তার পক্ষে একজন আইনজীবী আদালতকে মৌখিকভাবে জানান, তোফায়েল আহমেদ শারীরিকভাবে খুবই অসুস্থ। এ জন্য আদালতও অত্যন্ত নমনীয় হয়ে বেশ কয়েকটি তারিখ পরিবর্তন করেন। কিন্তু তোফায়েল আহমেদ হাজির না হওয়ায় মামলার স্বাভাবিক কার্যক্রম বিলম্বিত হচ্ছিল। আরও পড়ুন: ভোলায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে প্রথম মামলা চলতি বছরের ১৬ মার্চ মামলার অন্য দুই আসামির পক্ষে নিয়োজিত আইনজীবী শুনানিকালে তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ বলে আদালতকে মৌখিকভাবে পুনরায় জানান। আদালত আইনজীবীকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলতেই তিনি কোনো নির্দেশনা পাননি বলে পদক্ষেপ নিতে অস্বীকার করেন। পরবর্তীতে আদালত আসামি পক্ষের আইনজীবীকে মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জামিন বাতিল ব্যতীত অন্যকোনো সুযোগ রয়েছে কি না জানতে চান এবং এ বিষয়ে উচ্চ আদালতের কোনো সিদ্ধান্ত রয়েছে কি না তাও জানতে চান। কিন্তু আসামি পক্ষের আইনজীবী কোনো সদুত্তর দিতে পারেননি। পরে আদালত মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য তোফায়েল আহমেদের জামিন বাতিল করে চার্জ গঠনের জন্য দিন ধার্য করেন। এই পদ্ধতিটি ছিল একটি স্বাভাবিক বিচার প্রক্রিয়া যা সব মামলার ক্ষেত্রেই করা হয়। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে হেয়প্রতিপন্ন করা বা তাকে হয়রানির জন্য এই আদেশ দেয়া হয়নি। শুধুমাত্র মামলাটি এগিয়ে নেয়া এবং অন্যন্য আসামিদের হয়রানি থেকে বাঁচানোর জন্যই আদালত জামিন বাতিলের আদেশ দিয়েছিলেন।

Go to News Site